ক্যাথরিন বিগলোর ছবিতে শাবানা আজমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনাকে উপজীব্য করে ছবি তৈরির কাজ শুরু করেছেন ‘দ্য হার্ট লকার’খ্যাত অস্কারজয়ী হলিউডের চিত্রনির্মাতা ক্যাথরিন বিগলো। এই মুহূর্তে ভারতের চণ্ডীগড়ে ছবিটির শুটিং চলছে। বিতর্কিত এই ছবিতে দেখা মিলবে ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমির। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ছবিটিতে শাবানার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই মিরর। এ ব্যাপারে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে শাবানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করে কিছু না জানালেও খবরটিকে উড়িয়ে দেননি। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলতে চাইছি না। কারণ বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পীদের ছবিটিতে নিতে চেয়েছিলেন ক্যাথরিন। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি। এমনকি পাকিস্তানে ছবিটির শুটিংয়ের উদ্যোগও বাস্তবায়ন করতে পারেননি বিগলো। আর তাই ভারতেই ছবিটির শুটিং শুরু করেছেন তিনি। ছবিতে ভারতীয় অভিনয়শিল্পীদের দিয়েই পাকিস্তানি চরিত্রে অভিনয় করানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবেই ছবিটিতে শাবানাকে নেওয়ার পরিকল্পনা করা হয়। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আন্তর্জাতিক সিনেমায় শাবানা আজমি পরিচিত একটি নাম। উর্দু ভাষার ওপর তাঁর দখলের কথাও সবারই জানা। এসব দিক বিবেচনা করেই ক্যাথরিনের ছবিতে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ ছবিতে শাবানার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানা গেলেও ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, ‘ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই দেখা যাবে তাঁকে। ছবিতে একজন পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করবেন শাবানা।’সম্প্রতি আরও দুটি আন্তর্জাতিক ছবির কাজ শেষ করেছেন তিনি। সেগুলো হলো দীপা মেহতার ‘মিডনাইট’স চিলড্রেন’ ও মীরা নায়ারের ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’।