ক্যাথরিনসহ আহত তিনজন আশঙ্কামুক্ত
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ আহত তিনজন এখন আশঙ্কামুক্ত। তাঁরা সবাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। ক্যাথরিন ছাড়াও চিত্রশিল্পী ঢালী আল-মামুন এবং তাঁর স্ত্রী দিলারা বেগম জলি দুর্ঘটনায় আহত হয়েছেন। স্কয়ার হাসপাতালের তথ্য কর্মকর্তা শাহিন আহমেদ রাতে প্রথম আলোকে জানান, ক্যাথরিন এখন আশঙ্কামুক্ত। তাঁকে নিউরো বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকি দুজনও আশঙ্কামুক্ত। এর মধ্যে ঢালী আল মামুন দুই হাতে ও চোয়ালে ব্যথা পেয়েছেন। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর স্ত্রী জলিকে কেবিনে নেওয়া হয়েছে। তাঁর আঘাত ততটা গুরুতর নয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত আরেকজন তারেক মাসুদের প্রডাকশন সহকারী সাইদুলকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে ভর্তি করার প্রয়োজন হয়নি। চিকিত্সকেরা জানিয়েছেন, ক্যাথরিন মাসুদ আঘাত পেয়েছেন মাথায়। বিকেলে হাসপাতালে আনার পরপরই তাঁর সিটিস্ক্যান করা হয়। অন্যদের প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির স্কয়ার হাসপাতালে এসে আহতদের খোঁজখবর নেন। এর আগে চিকিত্সকদের সঙ্গে কথা বলে নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ সাংবাদিকদের জানান, আহতদের সবাই এখন বিপদমুক্ত। দুপুরে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্যাথরিন ও অন্যরা আহত হন। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে বিকেল চারটায় তাঁদের স্কয়ার হাসপাতালে আনা হয়। এর আগে থেকেই হাসপাতালে অপেক্ষা করছিলেন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকেরা। শিল্পী রফিকুন নবী, খুশী কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, সহসভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল, মানজারে হাসিন মুরাদ, মোস্তফা সরওয়ার ফারুকী, জাহিদুর রহিম, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী ও সারা হোসেনসহ অনেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন।