ক্যাথলিক প্রতিষ্ঠানে ভয়াবহ যৌন নিপীড়ন
১৯৪৫ সাল থেকে ডাচ ক্যাথলিক প্রতিষ্ঠানগুলোয় হাজার হাজার শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। ক্যাথলিক প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত একটি স্বাধীন কমিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।৩৪ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাথলিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিদ্যালয়, সেমিনার ও অনাথ আশ্রমগুলোয় শিশুদের যৌন নিপীড়ন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রতি পাঁচজনে একটি শিশু ক্যাথলিক প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের শিকার হয়েছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, কমিশন ২০১০ সালের আগস্ট থেকে এ বিষয়ে কাজ শুরু করে। কমিশন ক্যাথলিক প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের বিষয়ে এক হাজার ৮০০টি অভিযোগ নিরীক্ষা করেছে। এর মধ্যে ৮০০টি ঘটনার অভিযোগকারীকে শনাক্ত করে কমিশন। তাঁদের মধ্যে মাত্র শতাধিক ব্যক্তি এখনো বেঁচে আছেন।কমিশন বলছে, ডাচ ক্যাথলিক চার্চে ওই সব নিপীড়নের ব্যাপারে কর্তৃপক্ষ জানত। তবে এ ব্যাপারে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কী ঘটনা এবং কীভাবে এসব ঘটেছে, কমিশন তা নিয়ে তদন্ত করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার কীভাবে নিশ্চিত করা যায়, সেটা নিয়েও তারা কাজ করছে।তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাঁচ হাজার থেকে এক লাখ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা চালু করেছে ক্যাথলিক গির্জার ডাচ শাখা।