ছবি আঁকাটা শিল্পী শাহাবুদ্দিন আহমেদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সজীব-সবলভাবে বেঁচে থাকার বিষয়। তাই বারবার তিনি মুক্তিযুদ্ধকে তুলে আনেন ক্যানভাসে।বিজয়ের এই চার দশককে স্মরণীয় করে রাখতে প্যারিস-প্রবাসী মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন দেশে এসে এক মাস ধরে নিভৃতে এঁকেছেন মুক্তিযুদ্ধের ছবি। সেই ছবি নিয়ে গতকাল রোববার শুরু হলো একক চিত্র প্রদর্শনী ‘বিজয়ের চার দশক’। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী সংগ্রহশালায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন মেজর জেনারেল (অব.) কাজী মোহাম্মদ শফিউল্লাহ, মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত, লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাশ।জাদুঘরের মূল মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধনের পর খুলে দেওয়া হয় নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির দরজা। সেখানে শিল্পী নানা আকৃতির ক্যানভাসে এঁকেছেন মুক্তিযুদ্ধের আনন্দ আর বেদনার কাব্য। ‘অমরতা’ শিরোনামে এই ছবিতে তিনি দেখিয়েছেন নিহত বঙ্গবন্ধুর শান্ত সৌম্য প্রতিকৃতি। মৃত্যুর মাঝেও বঙ্গবন্ধু যে অমরতা পেয়েছেন, তা-ই তুলে আনা হয়েছে এই ছবিতে।প্রদর্শনীতে ‘জয় বাংলা’, ‘বাংলার বাঘ’ ও ‘বিজয়’ সিরিজের ছয়টিসহ মোট ২২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এগুলোর মধ্যে ‘অভিযাত্রা’ ছবিতে উঠে এসেছে মানবের ছুটে চলা। ‘আহত মুক্তিযোদ্ধা’ ছবিতে উঠে এসেছে আহত মুক্তিযোদ্ধার আর্তচিৎকার। প্রদর্শনী রয়েছে অহিংস আন্দোলনের প্রতিকৃৎ মহাত্মা গান্ধী ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিকৃতি। ‘গান্ধী’ বিস্তীর্ণ নীল আকাশের নিচে লাঠি হাতে এগিয়ে যাচ্ছেন। অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে: ‘ধাবমান’, ‘তীর্থযাত্রী’, ‘রণক্ষেত্র’, ‘মুক্তিযোদ্ধা’, ‘প্লাটুন’, ‘বধ্যভূমি’, ‘নিরীহ’, ‘যুদ্ধ’, ‘আমার পতাকা’, ‘যুগল’ ও ‘যমুনাবতী’। এসব ছবিতেও উঠে এসেছে শাহাবুদ্দিনের সেই চেনা গতির আবহ আর প্রাণশক্তিতে ভরপুর মানুষের প্রতিকৃতি। এ প্রদর্শনী চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।ফরিদপুরে সপ্তাহব্যাপী রবীন্দ্র নাট্যমেলাফরিদপুর অফিস জানায়, গতকাল রোববার সন্ধ্যায় ফরিদপুরে সপ্তাহব্যাপী রবীন্দ্র নাট্যমেলা ও রবীন্দ্র প্রদর্শনী শুরু হয়েছে। ফরিদপুর বৈশাখী নাট্যগোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় কবি জসীমউদ্দীন মিলনায়তনে নাট্য উৎসব এবং সংলগ্ন চত্বরে রবীন্দ্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।সন্ধ্যায় ফরিদপুরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ প্রদর্শনীর উদ্বোধন করেন।হাজেরা বিবির স্মরণে লোকসংগীত: লোকগানের কিংবদন্তি শিল্পী হাজেরা বিবির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ফরিদপুরে স্মরণসভা ও লোকগানের আয়োজন করা হয়। ফরিদপুরে সাহিত্য পরিষদের মিলনায়তনে বিকেলে পরিষদের সভাপতি এম এ সামাদের সভাপতিত্ব করেন। পরে বিজয় সরকার, সুশীল কুমার, রোজিনা বানু, আইউব বয়াতি, মোক্তার দেওয়ান, অন্ধ রফিকসহ লোকজ শিল্পীরা লোকজ সংগীত পরিবেশন করেন।কলকাতায় স্মরণানুষ্ঠানকলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ পাঁচ কন্যার স্মরণে গতকাল রোববার কলকাতার উপকণ্ঠ সোদপুরে এক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই পাঁচ কন্যা হলেন: মনোরমা বসু (মাসিমা), বেগম সুফিয়া কামাল, বীণা দাস ভৌমিক, ফুলরেণু গুহ ও মণিকুন্তলা সেন। তাঁরা সবাই ব্রিটিশবিরোধী, স্বাধীনতা এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। এর মধ্যে মনোরমা বসুর জন্মশতবর্ষ আগে। আর বাকি চারজন প্রয়াত নারীর এবার জন্মশতবর্ষ পালন করা হচ্ছে। এই পাঁচজনের মধ্যে বীণা দাসের বাড়ি চট্টগ্রামে, অন্য চারজনের বাড়ি বরিশালে।নারী জাগরণে এই পাঁচ পথিকৃতের জীবন ও দর্শন নিয়ে গতকাল সকালে সোদপুরের পানশিলার সমবায় ব্যাংক ভবন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভার আয়োজন করে রোকেয়া ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন অ্যান্ড রিসার্চ (রিভার)।এতে স্বাগত ভাষণ দেন সোদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সুনীল পাল। নারীর পরিচিতি তুলে ধরেন বেগম রোকেয়া গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়। এর পরই মনোরমা বসুর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন প্রবীণ নারীনেত্রী মনোরমা বসুর সহকর্মী কমলা দাস, সুফিয়া কামালকে নিয়ে অধ্যাপিকা নবনিতা বসু হক, বীণা দাসকে নিয়ে অধ্যাপিকা উত্তরা চক্রবর্তী, ফুলরেণু গুহকে নিয়ে কবি রুচিরা শ্যাম এবং মণিকুন্তলা সেনকে নিয়ে আলোচনা করেন অধ্যাপিকা ঈশিতা মুখোপাধ্যায়।প্রদর্শনী: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় চিত্রকরদের আঁকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্র ও ভাস্কর্ক নিয়ে তিন দিনব্যাপী আয়োজিত প্রদর্শনী গতকাল রোববার শেষ হয়েছে। শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রকর শুভাপ্রসন্ন।