ক্যানসার-আক্রান্তদের পাশে লিটু আনাম
দেশের ক্যানসার-আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন অভিনেতা লিটু আনাম। এরই মধ্যে ওর্যাল ক্যানসার-আক্রান্তদের সেবা করার জন্য ‘এল এ হেলথ এইড’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হচ্ছে লিটু আনামের জন্মস্থান ঠাকুরগাঁও থেকে। আজ শুক্রবার ও কাল শনিবার দুই দিনব্যাপী প্রতিষ্ঠানটির কার্যক্রম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে শুরু হচ্ছে। ‘ওর্যাল ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ডেন্টাল ক্যাম্প’ শিরোনামের এই কার্যক্রমে অংশ নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক। লিটু আনাম বলেন, ‘চলার পথে আশপাশে প্রায়ই ওর্যাল ক্যানসারে আক্রান্ত অনেক মানুষকে দেখি। বিষয়টি আমাকে বেশ ভাবিয়েছে। একটা সময় চিন্তা করি তাদের জন্য কিছু একটা করার। তখন অবশ্য ইচ্ছা থাকলেও সামর্থ্য ছিল না। এখন তাদের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময় এসেছে বলে মনে করছি।’লিটু আনাম আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কয়েকজন চিকিৎসক বন্ধুর সঙ্গে আলাপ করলে তাঁরা আমাকে বেশ উৎসাহ জোগায়। আমিও কাজটি করতে সাহসী হই। এ ছাড়া এ কাজে আমাকে সহযোগিতা করছে ওর্যাল ক্যানসার সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান।’ প্রথম দিকে ওর্যাল ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ডেন্টাল ক্যাম্প ঠাকুরগাঁও থেকে শুরু হলেও আস্তে আস্তে এটি বাংলাদেশের সব জায়গায় তাদের কার্যক্রম চালাবে বলে জানান লিটু আনাম।ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে আজ চিকিৎসা ক্যাম্প এবং কাল শনিবার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে সচেতনতা তৈরির জন্য দুটি কর্মশালার আয়োজন করেছে এল এ হেলথ এইড নামের এই প্রতিষ্ঠান।