ক্যানসারের চিকিৎসা শেষে ফিরলেন চাভেজ
কিউবায় ক্যানসারের চিকিৎসা শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। বিমানটি তাঁর নিজের শহর বারিনাসে অবতরণের পর ৫৭ বছর বয়সী এই নেতা কারও সাহায্য ছাড়াই বিমান থেকে নেমে আসেন। এ সময় তাঁর আত্মীয়স্বজন, ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন মন্ত্রী তাঁকে স্বাগত জানান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।ভেনেজুয়েলাবাসীকে ইস্টার সানডের শুভেচ্ছা জানিয়ে চাভেজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘সামাজিক বিপ্লব অপরিবর্তনীয়।’ নিজেকে আগের চেয়ে অনেক বেশি ধার্মিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ক্রমশ সুস্থ হয়ে উঠছি।’চাভেজ ক্যানসারের চিকিৎসায় দ্বিতীয় দফা রেডিওথেরাপি নিতে গত শনিবার কিউবায় যান। চিকিৎসা শেষে ফিরে তিনি বলেন, সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। তৃতীয় দফায় রেডিওথেরাপি নিতে আবারও কিউবায় যাবেন বলে আশা করছেন তিনি। গত মাসে প্রথম দফায় চাভেজের শরীরে অস্ত্রোপচার করা হয়। এ নিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁর তিনটি অস্ত্রোপচার করা হলো।অসুস্থতা সত্ত্বেও চাভেজ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু বিরোধীরা আশা করছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিরান্ডা রাজ্যের গভর্নর হেনরিক কেপরিলস চাভেজকে তাঁর গদি থেকে সরাতে সমর্থ হবেন। গত মাসে দেশটিতে নির্বাচন-সংক্রান্ত এক জনমত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তার দিকে দিয়ে চাভেজ ১৩ শতাংশ এগিয়ে আছেন।