জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
ক্যান্টনমেন্টের সম্পদ দখলে রাখতেই হরতাল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যখন দেশের মানুষের কল্যাণে সম্পদ সৃষ্টি করে যাচ্ছে, তখন কোনো কোনো মহল ক্যান্টনমেন্টের সম্পদ অবৈধভাবে দখলে রাখার লক্ষ্যে দেশব্যাপী হরতাল আহ্বান করেছে। গতকাল রোববার সকালে জাপানের রাজধানী টোকিওর নাগাতা চো এলাকায় বাংলাদেশ দূতাবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।পাঁচ দিনের সরকারি সফরে গতকাল সকালে জাপান পৌঁছেন শেখ হাসিনা। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সময় সন্ধ্যায় ওই বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগসংক্রান্ত একাধিক চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে। খবর বাসস ও ইউএনবির।বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে বাসস্থান প্রদানের লক্ষ্যে সরকার যখন গৃহ নির্মাণ করছে, তখন কোনো কোনো মহল ঢাকা ক্যান্টনমেন্টের সম্পদ কুক্ষিগত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের চেষ্টা না করে, শুধু ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তিনি (খালেদা) হরতাল দিয়ে নাগরিকদের ভোগান্তি বাড়িয়েছেন।সরকার বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের আরও ১৬টি দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশ কয়েকটি মিশন স্থাপন করেছিলেন। আওয়ামী লীগের বিগত সরকারও বেশ কয়েকটি দেশে দূতাবাস স্থাপন করেছিল। কিন্তু পরবর্তী সরকার সে ধারা বজায় রাখেনি।’জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু সেতু, রূপসা সেতু নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে জাপানের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করায় আরও অবদান রাখার সুযোগ রয়েছে প্রবাসীদের। তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রবাসীকল্যাণ ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া প্রবাসীদের বিনিয়োগের স্বার্থে সরকার আঞ্চলিক অর্থনৈতিক এলাকা স্থাপনেরও উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখের প্রতি নজর রাখা আমাদের কর্তব্য।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী দূতাবাস ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। দূতাবাসের ৭১৪ বর্গ মিটার আয়তনের ভবনটির নির্মাণকাজ ২০১২ সালের জুন মাসে শেষ হবে।এর আগে গতকাল সকালে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া ও ঢাকায় জাপানি রাষ্ট্রদূত তমোতসু শিনোতসুকা। এ সময় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে সরাসরি নিউ ওতানি হোটেলে নিয়ে যাওয়া হয়।অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও মশিউর রহমান, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম আবদুল করিম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস প্রমুখ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। এ ছাড়া জাপান সফরের সময় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে।শেখ হাসিনা পাঁচ দিনের এই সফরে আজ জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে বৈঠক করবেন এবং দেশটির সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। একাধিক বিনিয়োগ সম্মেলনে ভাষণ দেওয়া এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর।আমাদের টোকিও প্রতিনিধি জানান, দূতাবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সময় প্রবাসীদের মধ্যে বিএনপির একদল কর্মী-সমর্থক দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাসভবন থেকে ‘উচ্ছেদ’-এর ঘটনায় এই বিক্ষোভ করেন তাঁরা। এ ছাড়া জাপানে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিরোধী দলের সমর্থকদের বাইরে রাখার সিদ্ধান্তেরও প্রতিবাদ করেন তাঁরা।এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর হোটেল স্যুইটে পার্লামেন্টারি লিগ অব জাপানের প্রেসিডেন্ট শিন সাকুরাইর নেতৃত্বে বাংলাদেশের বন্ধুপ্রতিম একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে পদ্মা সেতু নির্মাণে জাপানের অধিকতর সহযোগিতা চান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপানি সহযোগিতা বৃদ্ধিতে তাঁদের সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন।