ক্যাফে ইউসুফে ঢাকাই স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই-তিন দশক আগের কথা। সকালের নাশতায় আলুপুরির সঙ্গে চা ঢাকাই পরিবারগুলোয় প্রচলিত খাবার ছিল। এসব খাবার বাড়িতে তৈরি হতো না। রেস্তোরাঁ থেকে আনা হতো। সে সময় ঢাকার খুব কম পরিবার বাড়িতে চা তৈরি করে খেত। মজার একটা দৃশ্য সে সময় খুব চোখে পড়ত; সকাল বেলা অনেকের হাতেই চা-ভর্তি কেটলি বা ছোট জগ। এসব হাতে অনেকেই সাতসকালে ছুটত রায়সাহেব বাজারের ইসলামিয়া হোটেলে। তখন এখানে ইসলামিয়া ছাড়াও আল ইসলাম ও হোটেল সাফাত উল্লাহ জনপ্রিয় ছিল। ঢাকার অন্য এলাকা থেকেও লোকজন এসব রেস্তোরাঁয় খেতে আসত।ইসলামিয়া হোটেলের মালিক ছিলেন রায়সাহেব বাজারের বাসিন্দা আবদুল হামিদ। তাঁর রেস্তোরাঁর ব্যবসা শুরু হয় ইসলামপুরে। পরে ঢাকা স্টেডিয়ামেও (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) ইসলামিয়া হোটেলের একটি শাখা করেছিলেন। আবদুল হামিদ ও তাঁর সাত সন্তান রেস্তোরাঁ ব্যবসার দেখভাল করতেন। তিনি মারা গেলে সম্পদের ভাগ-বাটোয়ারা হয়ে যায়। সে সময় আবদুল হামিদের তৃতীয় ছেলে হাজি মোহাম্মদ ইউসুফ ইসলামিয়া হোটেলের পাশের একটি অংশ ভাগে পান। এই জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।অন্যদিকে সম্পত্তি ভাগ হয়ে গেলেও ইসলামিয়া হোটেল আবদুল হামিদের সন্তানেরা পারিবারিক ব্যবসা হিসেবে আগের মতোই চালিয়ে নিচ্ছিলেন। এই অবস্থায় হাজি ইউসুফ মারা গেলে পারিবারিক ব্যবসায় টানাপোড়েন শুরু হয়।এবার যাঁর যাঁর মতো সবাই আলাদা হয়ে যান। হাজি ইউসুফের তিন ছেলে তখন নিজেদের পরিত্যক্ত জায়গায় কিছু করার চেষ্টা করে বিফল হন। সেই জায়গাটুকু বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। তাতেও তাঁরা ব্যর্থ হন। সেই হতাশার দিনে এগিয়ে আসেন ‘আমেরিকান বাবুল’ নামে খ্যাত হাজি ইউসুফের বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিমের এক বন্ধু। মোহাম্মদ ইব্রাহিম এ বিষয়ে তাঁর ভাইদের সঙ্গে কথা বলেন। শেষে সবার সহায়তায় শুরু হয় হোটেল ক্যাফে ইউসুফের যাত্রা। সেটা ১৯৯৬ সালের কথা।শুরু থেকেই ক্যাফে ইউসুফ ভোজনরসিকদের নজর কাড়তে সক্ষম হয়। আমিও সেই শুরু থেকে এখানকার খাবারের একজন ভক্ত। সকালের নাশতা ক্যাফে ইউসুফের না হলে আমার চলে না। এখানকার অন্য সময়ের খাবারও আমার কাছে সমান প্রিয়। ক্যাফে ইউসুফের সকালের নাশতা ১০টার আগেই শেষ হয়ে যায়। দুপুরের খাবার তিনটার মধ্যে শেষ হয়ে যায়। এরপর শুরু হয় বৈকালিক ও সান্ধ্য আয়োজন।‘সারা রাত খোলা থাকে?’ এমন প্রশ্নে ক্যাফে ইউসুফের অন্যতম কর্ণধার মোহাম্মদ ইসহাক বলেন, ‘আসলে যতক্ষণ কাস্টমার থাকে, ততক্ষণই রেস্তোরাঁ খোলা রাখতে হয়। কাস্টমার দিয়েই তো আমরা চলি।’তাঁর মতে, গ্লাসি, মুরগি-মোসাল্লাম, কাচ্চিবিরিয়ানি, মুরগির ঝালফ্রাই, লাবাং আর ফিরনির ফরমায়েশ সামলাতে হিমশিম খেতে হয় তাঁদের। খুব চলে এসব খাবার।ক্যাফে ইউসুফের চায়েরও খুব সুনাম শোনা যায়। তাই চা চলে হরদম। সব মিলিয়ে ঢাকাই আর এই সময়ের খাবারের এলাহি আয়োজন রয়েছে এখানে।হোটেল ক্যাফে ইউসুফ ছয়তলা ভবনে হলেও ভেতরে ঢুকলে খানিক ঘুপচি মনে হয়। তবে খাবারের দাম তুলনামূলকভাবে কম। ঢাকাই স্বাদ নিতে যেকোনো ভোজনপ্রিয় ব্যক্তিই আসতে পারেন ক্যাফে ইউসুফে।