ক্যাফে ম্যাংগোর আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্দরমহলের পথ খুঁজে পাওয়াটা নতুন অতিথির জন্য একটু কঠিন হতে পারে। মনে হতে পারে রেস্তোরাঁ এ রকম হতেই পারে না। মূল ফটকে ছোট্ট করে লেখা ‘ক্যাফে ম্যাংগো’ও এড়িয়ে যেতে পারে অনভ্যস্ত চোখ। ধানমন্ডি আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে দেশি পোশাকের দোকান বিবিয়ানার পাশে মূল ফটক দিয়ে ঢুকে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে সামনে এগোলেই অবশ্য দেখা মেলে কাঠের সিঁড়ির। মৃদু হই-হট্টগোলের আভাসও জানিয়ে দেয় প্রাণের স্পন্দন আর তারুণ্যের গান। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই মনে হবে কোনো নিমন্ত্রণ বাড়ির অতিথিখানায় ঢুকে পড়েছেন। চেয়ার, সোফা আর মাদুর পাতা হয়েছে সেভাবেই। দেয়ালে ঝোলানো চিত্রকর্ম, তাকে রাখা ম্যাগাজিন আর লুকানো স্পিকার থেকে ভেসে আসা মৃদু সংগীত এ অনুভূতির পালে আরও হাওয়া দেবে। ভোজনের পাশাপাশি ভেতরে চলছে জমাট আড্ডা। আনন্দের সব উপাদান নিয়েও পরিবেশটি যথেষ্টই নিরিবিলি।কয়েকজন ক্রেতা ঢুকেই রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করলেন। তাঁদের মধ্যে চেনাজানা, হূদ্যতা দেখে বোঝা গেল, এখানকার ক্রেতাদের বেশির ভাগই নিয়মিত। আর ক্যাফে ম্যাংগোতে যতক্ষণ বসে থাকা গেল, তারুণ্য পেরোনো কাউকে চোখে পড়েনি, প্রাণবন্ত তরুণদের অধিকারেই থাকে এই ক্যাফে। মেন্যুতে নানা খাবারের সমাবেশ। নানা ধরনের স্যুপ আর ‘অ্যাপেটাইজার’ থেকে শুরু করে জাপানি তেরিইয়াকি বিফসহ নানা পদের ‘স্টেক’ আছে মেন্যুতে। পরিচিত পথে চলতে গিয়ে আমেরিকান স্টেক আর একটু রোমাঞ্চপ্রিয় হতে গিয়ে চিকেন স্ট্রংনফের ফরমায়েশ দেওয়া হলো। ঘড়ি ধরে ২০ মিনিটের মধ্যে এল ডিশ দুটো। খেতে গিয়ে পাওয়া গেল ভিন্ন স্বাদ, পরিমাণটাও মন্দ নয়। কাঁটাচামচগুলো পরিষ্কার। পরিবেশনকারীর কাছ থেকে জানা গেল, রসুই ঘরে আছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রন্ধনশিল্পী।ক্যাফে ম্যাংগোর এ আড্ডাটা কত দিনের? বয়সের কথা তুলতেই মাথা চুলকে ফ্লোর ইনচার্জ সাখাওয়াত্ হোসাইন জানালেন, ২০০০ সালে ধানমন্ডির ৩২ নম্বরের আশপাশে কোথাও সূচনা হয়েছিল। বহুতল ভবনের ধাক্কায় ক্যাফে ম্যাংগোর আয়োজন চলে এসেছে এখনকার ৫ নম্বর সড়কের ৬ নম্বরের এই নিরিবিলি বাড়িতে। এর মধ্যে আরেকটি শাখার প্রসার ঘটেছে গুলশানে। দুটি শাখাতেই খাবারের মান একই।দুপুর আর রাতের খাবারের দাম যুক্তিসংগত। তবে মেন্যু ঘেঁটে সকালের খাবারের দামটা একটু বেশিই মনে হলো। ক্যাফে ম্যাংগোতে খেতে গেলে কেবল কাগুজে টাকার ওপরই ভরসা রাখতে হবে আপনাকে। ‘প্লাস্টিক’ টাকা চলে না এখানে, তা সে যে ছাপই বহন করুক না কেন।ক্যাফে ম্যাংগোতে একসঙ্গে খেতে বসতে পারে প্রায় ৫০ জন। কর্তৃপক্ষ ২৫-৩০ জনের পার্টির আয়োজন করতে পারে। অবাধ আড্ডার পরিবেশ দেখে কেউ যাতে আবার আদবকায়দা ভুলে না যায়, তা সবিনয়ে নিবেদন করা হয়েছে মেন্যুতেই! নির্দিষ্ট কিছু ‘পাবলিক এটিকেট’ মেনে চলারও অনুরোধ করা করা হয়েছে মেন্যুর শেষাংশে ক্যাফের পরিচিতিমূলক অংশটুকুতে। সঙ্গে বলা আছে, ‘অনুপস্থিতির উপস্থিতি’ এই ধারণার ওপরই গড়ে তোলা হয়েছে ম্যাংগো ক্যাফে। সত্যিই তাই, নিরিবিলি খাওয়ার সঙ্গে আড্ডার সুযোগ এখানে মিলবে সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি।