ক্যামব্রিয়ান কলেজে আবারও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যামব্রিয়ান কলেজে আবারও শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে কলেজের একটি ছাত্রাবাসে একটি ঘটনার জের ধরে কয়েকজন শিক্ষার্থীকে ওই কলেজের শিক্ষকেরা বেদম মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে চারজন ছাত্রকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।মারধরের শিকার এক শিক্ষার্থীর অভিভাবক আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাতে ক্যাম্পাসে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। সেখানে দুই দল ছাত্রের মধ্যে ঝামেলা হয়। এর জের ধরে শিক্ষকেরা নর্দা আজিজ সড়কের ১৯ নম্বর ছাত্রাবাসের বেশ কিছু শিক্ষার্থীকে বেদম মারধর করেন। শিক্ষকের মারধরে তাঁর সন্তানও আহত হয়। জানতে চাইলে ওই ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শোভন কুমার প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই রকম কিছু না। গতকাল একটি অনুষ্ঠানে গানবাজনা নিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল।’ কিছুদিন আগে শাহবাগের গণজাগরণ মঞ্চে আসতে চাওয়ায় ওই কলেজের বেশ কিছু শিক্ষার্থীকে মারধর করা হয়েছিল। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত করার কথা বলা হলেও বিষয়টি তখন অজ্ঞাত কারণে ধামাচাপা পড়ে যায়।