ক্যামেরন-ক্লেগ জোট ভাঙনের মুখে !
নিজ দেশের স্বার্থবিরোধী বিবেচনায় ইউরোপের সংকট নিরসনে নতুন চুক্তিতে সম্মতি দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আর তাই নতুন ইউরো ইউনিয়নে যোগ না দেওয়ায় ইইউ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাজ্য। তাঁর ভেটোতে পাল্টে যেতে শুরু করেছে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে দেশটির ভবিষ্যত্। ইউরোপজুড়ে চলছে তাঁর কড়া সমালোচনা; বসে নেই নিজ দেশের রাজনৈতিক সহকর্মী, সংবাদমাধ্যমও।দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা হিসেবে এড মিলিব্যান্ডের জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করাটা স্বাভাবিক। কিন্তু জোট সরকার গঠনের কান্ডারি লিবারেল ডেমোক্র্যাট নেতা ও উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ক্যামেরনের সমালোচনায় মুখর হওয়ায় অন্য দিকে মোড় নেয় যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক হিসাবনিকাশ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যে ক্যামেরন-ক্লেগ দ্বিতীয় জোট সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি পালনে কোণঠাসা, যুক্তরাজ্যে চলমান ছাত্র-আন্দোলনে লিবারেল ডেমোক্র্যাটদের ভাবমূর্তি নিয়েও রয়েছে নানা প্রশ্ন।তবে পরশু বিবিসি-১ টেলিভিশনে অ্যান্ড্রু মারের টক শোতে ক্যামেরনের ভেটো দেওয়া নিয়ে খোলাখুলি কথা বললেন নিক ক্লেগ। তিনি বলেন, ‘আমরা খুবই হতাশ। ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হয়ে পড়াটা কখনোই ভালো হবে না। গত সপ্তাহে ব্রাসেলস সম্মেলনে ক্যামেরনের পদক্ষেপ একেবারেই অনাকাঙ্ক্ষিত।’এদিকে নিক ক্লেগের প্রতিক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ড বলেছেন, ইউরোপের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ভেটো দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি সমঝোতা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। লেবার ও লিবডেম একসঙ্গে কাজ করলে কনজারভেটিভের ইউরোপ-বিদ্বেষীরা যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা করতে পারবে না।রাজনৈতিক বিশ্লেষকেরা ইউরো জোন নিয়ে চলমান ইস্যুতে যুক্তরাজ্যের রাজনীতিতে পটপরিবর্তনের আভাস দিচ্ছেন। পাশাপাশি লেবার পার্টি এই সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগাবে বলেই তাঁদেরও ধারণা।তবে আজ সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ইউরোপ-সংকট নিয়ে ক্যামেরন তাঁর গৃহীত পদক্ষেপ তুলে ধরবেন। লিবারেল ডেমোক্র্যাটের প্রথম সারির সদস্যদের প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, আজ তাঁরা বিরোধী দলের সঙ্গেই সুর মেলাবেন।এদিকে সংবাদমাধ্যমে ক্যামেরনের ভেটো দেওয়া ইস্যুতে নানামুখী কথাবার্তা থাকলেও এখন পর্যন্ত জনসমর্থন প্রধানমন্ত্রী ক্যামেরনের দিকেই। রোববার দ্য মেইল অন সানডে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় এক হাজার ২০ জনের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ মানুষ ক্যামেরনের ভেটো দেওয়াকে জোরাল সমর্থন দিয়েছেন। ১৯ শতাংশ ভেটো দেওয়ার বিরোধিতা করেছেন। তা ছাড়া ৫১ শতাংশ মানুষ ইউরোপের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।