ক্যামেরনের দলই এগিয়ে, ঝুলন্ত পার্লামেন্টের দিকে ব্রিটেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেন ঝুলন্ত পার্লামেন্টের দিকেই এগোচ্ছে—প্রাথমিক ফলাফলে এমনই আভাস পাওয়া গেছে। ১৯৭৪ সালের পর এই প্রথম কোনো দল পার্লামেন্টে একক গরিষ্ঠতা পাচ্ছে না। তবে আজ শুক্রবার আর কয়েক ঘণ্টার মধ্যে সমগ্র চিত্র পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। স্কাই টেলিভিশন, আইটিভি ও বিবিসির চালানো ভোট-পরবর্তী জরিপে (এক্সিট পোল) দেখা গেছে, ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি ৩০৫টির মতো আসন পেতে পারে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩২৬টি আসনের প্রয়োজন।গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রাথমিক ফলাফল দেখার পর লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন জোট সরকার গঠনের চেষ্টা করছেন। অন্যদিকে রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরনে বলেন, সরকার দেশ শাসনের ম্যান্ডেট হারিয়েছে।ডাউনিং স্ট্রিট সূত্রে জানায়, গর্ডন ব্রাউন লিবারেল ডেমোক্র্যাট দলের সঙ্গে কোয়ালিশন গঠন করার জন্য আলাপ-আলোচনা চালাচ্ছেন। ২০০৫ সালের সাধারণ নির্বাচনের চেয়েও লিবারেল ডেমোক্র্যাটস দলের উন্নতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই বোঝা যাচ্ছে ক্যামেরনের দল সবার চেয়ে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। এখন চূড়ান্ত ফলাফলে কোন দল কার আগে থাকবে এবং কে কার সঙ্গে কোন শর্তে কোয়ালিশন গঠন করবে, তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে সবার মধ্যেই। এখন ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টিকে সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে। সে ক্ষেত্রে নির্ণয়ক হতে পারে লিবারেল ডেমোক্র্যাটসরা।এ দলের নেতা নিক ক্লেগ বলেছেন, দুটি বড় দলের জন্য তাঁদের দরজা খোলা। তবে অবশ্যই তাঁদের চারটি শর্ত মানতে হবে। লিবারেল ডেমোক্র্যাটদের এসব শর্ত ক্যামেরনের দলের চেয়ে লেবার পার্টির নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ। আর এক্সিট পোলের হিসেবে দেখা যাচ্ছে, এই নির্বাচনে লেবার পার্টি ২৫৫ ও লিবারেল ডেমোক্র্যাটরা ৬১টি আসন পেতে চলেছে। সে ক্ষেত্রে এ দুই দল জোট বাঁধলে হাউস অব কমন্সে তাদের আসন সংখ্যা দাঁড়াবে ৩১৬, যা সংখ্যা গরিষ্ঠতার চেয়ে মাত্র ১০ আসন দূরে।