ক্যামেরা দেখলে সবাই সমীহ করে
‘শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন প্রাঙ্গণেমোর থিয়েটারের রক্তকরবী নাটকটির মঞ্চায়ন ছিল সেদিন। প্রতিবেদনের জন্য চিত্রধারণের কাজে ক্যামেরা হাতে নিয়ে মিলনায়তনে প্রবেশ করতেই আশপাশের দর্শকেরা কৌতূহলী চোখে তাকায় আমার দিকে। নাটকের প্রদর্শনী শেষ হলে সেখানে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিসহ সাধারণ দর্শক এসে অভিনন্দন জানায় আমাকে। মানুষের এই কৌতূহল আর অনুপ্রেরণাই এই পেশার প্রতি আমার আকর্ষণবোধকে আরও বাড়িয়ে ফেলে।’ বলছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে কর্মরত চিত্রগ্রাহক নূসরাত নাহার নাজনীন। কাছের মানুষ শান্তা বলেই ডাকে। টেলিভিশন সাংবাদিকতায় মেয়েরা এগিয়ে এলেও চিত্রগ্রাহক পেশাটি বিশেষ করে সংবাদমাধ্যমে চিত্রগ্রাহক পেশায় মেয়েদের অংশগ্রহণ একেবারেই কম। হাতে গোনা মাত্র কয়েকজন নারী চিত্রগ্রাহক আছেন বেসরকারি টেলিভিশনের বার্তা দলে। এমন ধরনের পেশায় কেন আসা, জানতে চাইলে নুসরাত বলেন, ‘পুরোপুরি নাটকীয়ভাবে এই পেশায় আসা। বাবার চাকরিসূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে আমার। মোট পাঁচটি স্কুলে পড়াশোনা করার পর ২০০৩ সালে ব্রাহ্মণদী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করি। ২০০৫ সালে ভৈরবের রফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করার পর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি পরীক্ষা দিই। যেদিন ফল বেরোয় সেদিন বিকেলেই বাবা সেখানকার ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ফরম নিয়ে এলেন আমার জন্য। বললেন এই বিষয়টিতে পড়াশোনা করার কথা। আসলে আমার বাবা সব সময়ই চান, তাঁর সন্তানেরা ব্যতিক্রমী কিছু করে সফল হোক। বাবার ইচ্ছামতো সেখানেই ভর্তি হই। পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে থাকি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার তৈরি একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র পুরস্কার পায়।কিন্তু নির্দেশনার কাজ করতে গিয়ে একটা সময় মনে হলো, আমি যা চাচ্ছি, তা যেন আমার চিত্রগ্রাহক বুঝতে পারছেন না। যদি ক্যামেরার কাজ জানতাম, তাহলে হয়তো নির্দেশনার কাজটা আরও ভালোভাবে করতে পারতাম। সেই থেকে ক্যামেরার কাজ শেখার প্রতি প্রচণ্ড আগ্রহ জন্মায়। এই কাজ শেখার ব্যাপারে আমাকে সবচেয়ে অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন যে দুইজন মানুষ, তাঁদের কথা না বললেই নয়। তাঁরা হলেন মাকসুদুল বারী ও পংকজ পালিত। বিশ্ববিদ্যালয়ের এই দুজন শিক্ষকের সাহায্য না পেলে হয়তো এই পেশায় আসা আমার পক্ষে সম্ভব হতো না। এর মধ্যেই ক্যামেরার সব খুঁটিনাটি বিষয় শিখে নিই। ২০০৯ সালে অনার্স পরীক্ষা শেষ হয় আমার। তার পর থেকেই বিভিন্ন টিভি চ্যানেলে চিত্রগ্রাহকের কাজ করার জন্য জীবনবৃত্তান্ত পাঠাই। প্রথমেই কয়েক দিন মোহনা টেলিভিশন, এরপর মাই টিভি থেকে সর্বশেষ চার মাস আগে এটিএন নিউজে চিত্রগ্রাহকের কাজ শুরু করি। আমার অফিসে ৩৪ জন পুরুষ চিত্রগ্রাহকের মধ্যে আমিই একমাত্র মেয়ে। আমি যে একটা মেয়ে, এ বিষয়টি আমার সহকর্মীরা কখনোই আমাকে বুঝতে দেন না। যেহেতু এই পেশাটি মেয়েদের জন্য একেবারেই নতুন এবং ঝুঁকিপূর্ণ, তাই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আমার সহকর্মীরা প্রত্যেকেই প্রচণ্ড সহযোগিতা করে থাকেন আমাকে। আরেকটি বিষয় প্রায়ই খেয়াল করি, তা হলো আমি যখন রাস্তায় বের হই, তখন আর দশটা মেয়ের মতো আমাকেও ছেলেদের নানা মন্তব্যের শিকার হতে হয়। কিন্তু ক্যামেরা হাতে নিয়ে বের হলেই বখাটে ছেলেরা এবং রাস্তার মানুষ বেশ সমীহ করে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় নুসরাত বলেন, আমি খুব সৌভাগ্যবান। কারণ জীবনের সব ক্ষেত্রে পরিবারের পূর্ণাঙ্গ সহযোগিতা পেয়েছি আমি।’ বাবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকার।‘নুসরাতকে নিয়ে ওর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বেশ গর্ববোধ করেন’, বললেন মা মমতাজ খন্দকার, ‘মেয়ে রাত করে বাড়ি ফেরে বা বাইরে ছোটাছুটি করে কাজ করে, এসব নিয়ে কখনো কোনো বাজে কথা শুনতে হয়নি আমাকে।’ নুসরাত বলেন, ‘যে দিন নিউজে আমার ধারণ করা ফুটেজ দেখায়।’ শুধু মা-বাবা নয়, ছোট ভাইবোনেরাও বেশ গর্ববোধ করে।