ক্যামেরার জাদুকর চঞ্চল মাহমুদ
গতকাল মঙ্গলবার ছিল আলোকচিত্রী চঞ্চল মাহমুদের ৫৩তম জন্মদিন। এ উপলক্ষে প্রকাশিত হলো তাঁকে নিয়ে রচিত বই ক্যামেরার জাদুকর চঞ্চল মাহমুদ। এ বইতে রয়েছে তাঁকে নিয়ে লেখা ২২টি নিবন্ধ। সঙ্গে রয়েছে এ আলোকচিত্রীর আত্মকথন। বাড়তি হিসেবে যোগ হয়েছে তাঁর ছবি নিয়ে অ্যালবাম। আলোকচিত্রী সাহাদাত পারভেজের সম্পাদনায় বইটি প্রকাশ করেছে সাহিত্য সংস্কৃতি পত্র ‘সোনারং’। বইটি উৎসর্গ করা হয়েছে দেশের আলোকচিত্র শিক্ষা আন্দোলনের পথিকৃৎ আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগকে।গতকাল বিকেলে বেঙ্গল ক্যাফেতে বইটির মোড়ক উন্মোচন করেন আলোকচিত্রী আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, চঞ্চল মাহমুদের স্ত্রী রায়না মাহমুদ, চিত্রপরিচালক খালিদ মাহমুদ, সাইদ সিদ্দিকী। অনুষ্ঠানে গতকাল প্রয়াত আলোকচিত্রী সাংবাদিক শওকত জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।৫৩তম জন্মদিনে নিজের অনুভূতি ব্যক্ত করে চঞ্চল মাহমুদ বলেন, ‘এখন আলোকচিত্রী হিসেবে সবার কাছে পরিচিত। কিন্তু এ পেশার শুরুতে আমার নিজের ক্যামেরা ছিল না। তখন অনেক কষ্টের দিন গেছে। এ প্রজন্মের আলোকচিত্রীরা অশেষ ভাগ্যবান। তারা শুরুতেই ভালো ক্যামেরা ব্যবহারের সুযোগ পাচ্ছে।’গ্যালারি জলরংয়ে ‘সুপ্রভাত বাংলাদেশ’১৭ মার্চ শনিবার গ্যালারি জলরংয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার হলে ‘সুপ্রভাত বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী চিত্রকলা ও পারফরমিং আর্টের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের স্বনামধন্য শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশে বসবাসকারী মানুষের ইতিহাস, সংগ্রাম, স্বপ্ন, সমস্যা ও সম্ভাবনার কথা শিল্পীদের নিজস্ব শিল্পশৈলীতে কাগজ, ক্যানভাস এবং পারফরমিং আর্টের ্রমাধ্যমে প্রকাশিত হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ‘সুপ্রভাত বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানে ছবি আঁকবেন শিল্পী তরুণ ঘোষ, সুকুমার পাল, শিশির ভট্টাচার্য্য, নিসার হোসেন, কনকচাঁপা চাকমা, খালেদ মাহমুদ, ফিরোজ মাহমুদ, আবদুস সালাম, আলপ্তগীন তুষার, সুলেখা চৌধুরী প্রমুখ।