এম আর তপন টিভি নাটকের ছোটখাটো চরিত্রে অভিনয় করছেন। ২৬ বছরের তপন আইএসসি পাস। সাত-আট বছর আগে ঢাকায় চলে আসেন। তপনের গ্রামের বাড়ি নিলফামারী জেলার ডিমলার বন্দর উপজেলার ঘড়িবাড়ি গ্রামে। অভিনেতা আসাদুজ্জামান নূরের বাড়ির পাশেই তাঁর বাড়ি। এ সূত্রেই নূরের সঙ্গে তাঁর পরিচয়। তপনের অভিনয়ের প্রতি আগ্রহের কথা নূর জানেন। নূরই তপনকে ঢাকায় আসতে বলেন। তপন বলেন, ‘আমি ঢাকায় এসে টেলিমিডিয়া, টেলিহোম, পরে ধ্বনিচিত্রে সহকারী ক্যামেরাম্যানের চাকরি নিই। তখন থেকেই সামনাসামনি প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখছি। ক্যামেরার পেছনে থেকে তাঁদের অভিনয় দেখার সুযোগ হয় আমার।’আসাদুজ্জামান নূর, আলী যাকের ও আতাউর রহমানের ভক্ত তপন। ক্যামেরায় কাজ করার ফাঁকেই বিভিন্ন পরিচালকের কাছে তপন আবদার করেছেন অভিনয় করার। অনেক চেষ্টা-তদবিরের পর মোহন খানের দুই শালিক নাটকে সুযোগ পান। দীপঙ্কর দিপনের মায়ের দোয়া পরিবহন নাটকে অভিনয় করেন। এখানে হুমায়ুন ফরীদির সঙ্গে কথা বলার সুযোগ হয়। তিনি তপনকে বলেছেন, ‘এখন কিছু ভুল হচ্ছে, অভিনয় করতে করতে সব ঠিক হয়ে যাবে। মনোযোগ দিয়ে কাজ করো।’তপন জানান, বড় অভিনেতারা তাঁকে সহায়তা করছেন। এটা ভালো লাগে। তপনের মনে অশান্তিও আছে। তিনি জানান, জিনিসপত্রের দাম একেক দোকানে একেক রকম। অসত্ ব্যবসায়ীদের সরকার কেন শাস্তি দেয় না? শাস্তি দিলে খুশি হতেন তপন। গাড়ির চালকেরা রাস্তাজুড়ে গাড়ি এখানে-সেখানে ফেলে রাখেন, কোনো নিয়ম মানেন না। ঢাকার এসব দৃশ্য তপনের ভালো লাগে না। তপন ক্যামেরাম্যান হতে চান আনোয়ার হোসেন বুলুর মতো। তাঁর ক্যামেরার কাজ ভালো লাগে। গ্রামের বাড়িতে তাঁর মা-বাবা, ভাইবোনেরা আছেন। বাড়িতে গেলে তপনের ভালো লাগে। পাঁচ-ছয় দিন বাড়িতে থেকে ঢাকায় আসেন তপন। তিনি বলেন, ‘আমি অভিনয়ই করতে চাই, আর কিছু নয়। এখন ছোটখাটো চরিত্র করছি। একদিন বড় চরিত্র করব অবশ্যই।’তপন নাট্য পরিচালকদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে মিমি আপার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। মিমি আপা জানিয়েছেন, সামনে যে সিরিজ নাটক করবেন, সেখানে আমাকে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন।’ তপন এখন একটি টিভি চ্যানেলে সহকারী ক্যামেরাম্যানের চাকরি করছেন। বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরা চালান। আট হাজার টাকা বেতন পান তপন। এ থেকে দুই হাজার টাকা দেন বড় ভাইকে। শান্তিনগরে বড় ভাইয়ের বাসায় থাকেন তপন। তাঁর বড় ভাইয়ের লন্ড্রির ব্যবসা আছে সেখানে।আশিষ সেনকে দিয়ে ছবি তুলেছেন তপন। ২৫টি ছবি তুলতে খরচ হয়েছে চার হাজার টাকা। ছবিগুলো বিভিন্ন্ন অ্যাঙ্গেলে তুলেছেন তপন। ছবিগুলো পত্রিকায় দিয়েছেন। দু-একটি পত্রিকা ছোট করে ছেপেছে তপনের খবর। তপনের ভালো লাগে হাসির অভিনয়। তিনি হানিফ সংকেতের মতো কৌতুকাভিনেতা হতে চান। সিনেমায় শাবানা, রাজীব ও মান্নার অভিনয় তপনের ভালো লাগে।