ক্যামেরায় ক্যামেরার মানুষ
আলো-ছায়ার সাদা-কালো বাঁকে ফুটে উঠেছে সাইদা খানমের দৈনিক জীবন। মুখে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছেন খেতে বসা কোনো ছেলের দিকে, কখনো বা দার্শনিকের ভাবালুতায় চোখ এলিয়ে আছেন সুদূরে। শিশুতোষ মুগ্ধতায় আবার স্বপ্ন আঁকছেন বাটিভরা ফেনার বুদ্বুদে। বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমকে এভাবেই ক্যামেরার ক্যানভাসে এঁকেছেন এ সময়ের আলোকচিত্রী রোকসানা ইসলাম। ‘প্রথমা’ শিরোনামে ২৯ নভেম্বর এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হলো দৃক গ্যালারিতে। এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আরও উপস্থিত ছিলেন দৃক গ্যালারির প্রধান এবং পাঠশালার অধ্যক্ষ শহীদুল আলম। নবীন-প্রবীণ আলোকচিত্রীদের তুমুল উচ্ছ্বাসের মধ্যে সাইদা খানম বললেন, ছবির ভাষা সর্বজনীন। একটি ছবি তাঁর দেশের কথা বলে, জীবনের কথা বলে। আলোকচিত্রীর মন রহস্যঘেরা। পঞ্চাশ-ষাটের সেই সময়ে কেন আমি হাতে ক্যামেরা তুলে নিয়েছিলাম, তা কি আমি জানি? পরিবারের সহযোগিতা আর নিজের মনে ছায়া ফেলা ছবিগুলোকে আলোয় নিয়ে আসার তাড়না, এই তো আমার গল্প। মনে পড়ে, সত্যজিৎ রায় বলেছিলেন, ‘সাইদা ভালো ছবি তোলে।’ ওই একটি কথা আজও আমাকে আলোড়িত করে। অনেক দিন পর আজ নাড়া দিয়েছে রোকসানার কাজের ব্যাপ্তি। আমি নিজেই বিস্মিত, এক জীবনের এত দিক ছিল আমার? অভিভূত রোকসানা ইসলাম নিজেও। বললেন, দুটি বছর ধরে তিলে তিলে গড়া স্বপ্নের আজ প্রথম বাস্তবায়ন। নবীন হলেও ভয় লাগেনি ক্যামেরার চোখে সাইদা খানমের জীবনকে দেখতে। আমার মাথার ওপর ছায়া হয়ে থাকা বটবৃক্ষ তো তিনিই। সাইদা খানমকে নিয়ে রোকসানা ইসলামের এই একক চিত্র প্রদর্শনী চলবে ৪ জানুয়ারি প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।