ক্যামেরায় বৈশাখী ক্লিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইদা খানমপ্রায় অর্ধশত বছর হলো ছবি তুলে আসছি। পয়লা বৈশাখের ছবি তোলার জন্য এখনো অপেক্ষায় থাকি। তবে আগের মতো সেই সরলতা—সহজতা ভাব নেই। বেশ কৃত্রিমতা চোখে পড়ে। তার পরও এই দিনেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অংশগ্রহণ দেখা যায়। এটি এখন জাতীয় উৎসব আমাদের। মিলনমেলা, পরস্পরের হাত ধরে চলা সবই ভালো লাগে। ক্যামেরায় সময়কে ধরার যে চেষ্টা করি, তা নিয়ে মনের মধ্যে আবেগ তৈরি হয়।প্রকৃতির কাছাকাছি আসতে পারি। চলতে চলতে যা দেখিতা ক্যামেরায় ধরার চেষ্টা করি। আমার এ ছবি ১৯৯৬ সালে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলায় বাংলা বিভাগের অনুষ্ঠান হচ্ছিল। হঠাৎ দেখলাম একটি পথশিশু মুগ্ধ হয়ে গান শুনছে। তখনি ছবিটি তুলি। মনে হয়েছিল উৎসবে ওদের অংশগ্রহণ না থাকলেও সংস্কৃতিকে বুঝতে চায়। গান ওদের ভালো লাগে এই ছবি দেশবিদেশে খুব সমাদৃত হয়েছিল।মাসুমা পিয়াঅনেক বছর ধরে পয়লা বৈশাখে ছবি তুলি। বিশেষ করে দেয়াল লিখন, পথচিত্র বেশি আকর্ষণ করে আমাকে। এসব ঘিরেই নানা বিষয় তুলে আনি। এ ছাড়া ‘নারী এবং উৎসব’ শিরোনামে একটি কাজ করছি। পয়লা বৈশাখের তোলা আলোকচিত্র এই কাজে অনেক সহায়তা করেছে। সব বয়সের, সব শ্রেণীর নারীর একটা বিশাল অংশগ্রহণ থাকে। তাদের স্বতঃস্ফূর্ততা প্রকাশ পায়। ভেতর-বাইরের না বলা অভিব্যক্তি ধরা পড়ে ক্যামেরায়। ভোরে উঠে রমনার বটমূলে গান শোনা, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ, হরেক রকম বাদ্যযন্ত্রের সমাহার—সব মিলিয়ে অন্য রকম একটা অনুভূতি কাজ করে। প্রতিবছরই চারুকলার মাসকটগুলো বিষয়বস্তু হিসেবে নজর কাড়ে। তবে ছবি তুলতে গিয়ে নিজের অস্তিত্বকে ফিরে পাই যেন। একটা দায়িত্ববোধও থাকে। নতুন প্রজন্মকে আমাদের এই উৎসব সম্পর্কে জানাতে হবে। ছবির মাধ্যমে তাড়াতাড়ি মানুষকে তথ্য দেওয়া যায়। বাংলা নববর্ষের দিনটিকে কীভাবে পালন করা হয় তা তাদের জানানো। বিদেশের মানুষের কাছে নিজের সংস্কৃতিকে সহজেই পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হয় এসব আলোকচিত্রের মাধ্যমে। তারা যখন বিস্ময়ে হতবাক হয়ে যায় তখন যে ভালো লাগায় মন ভরে যায় তা ভাষায় প্রকাশ করা যাবে না।কাকলী প্রধানআসলে পয়লা বৈশাখের ছবি তোলার আনন্দই অন্য রকম। খুবই ভালো লাগে। শখের বশে ছবি তোলার ভিন্ন আমেজ থাকে। আর পেশাদারির ক্ষেত্রে অন্য বিষয় কাজ করে। মনে হয় কিছু বাদ পড়ে গেল কি না। সে কারণে ছবির ফ্রেমেও বৈচিত্র্য দেখা যায়। প্রতিবারই পয়লা বৈশাখে ছবি তুলতে যাই। স্বাভাবিকভাবে আমার দিকে সবার নজর থাকে। মেয়েটা কী করছে এর জন্য অনেকে পেছন পেছন হাঁটতে থাকে। একবার তো উৎসবের ভিড়ে আরেক ভিড় জমে গেল। পেছন ফিরে দেখি এত লোক! শেষে নিজেই বের হতে পারছিলাম না। বিরক্তও করে কেউ কেউ। দেখা গেল অনেক খুঁজে একটা ভালো ফ্রেম পেয়েছি কিন্তু লোকজন ঢুকে পড়ছে। বললেও সরে না। তখন মনটাই খারাপ হয়ে যায়। তবে ভালো লাগা, আনন্দের পরিমাণ এত বেশি থাকে, খারাপ লাগার স্থায়িত্ব কম। দিনময় মিশ্র অনুভূতি কাজ করে।তাসলিমা আকতারআসলে পয়লা বৈশাখের জন্য একধরনের অপেক্ষা কাজ করে। একসঙ্গে এত বিষয় পাওয়া যায়। বহু মানুষ ঘর থেকে বের হয়। এত মানুষের জমায়েত সহসা হয় না। দেশীয় সংস্কৃতির সঙ্গে এই যে মানুষের সম্পৃক্ততা এটি মনকে ভরিয়ে দেয়। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমার এ ছবি ১৪১৪ সালের পয়লা বৈশাখে তুলেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি সাংস্কৃতিক সংগঠনের গানের অনুষ্ঠান হচ্ছিল। ছায়ানটের বাইরেও যে অনুষ্ঠানগুলো হয় তা ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছি। সামান্য খারাপ লাগাও তৈরি হয়। যখন আমরা একদিনের জন্য বাঙালি হওয়ার চেষ্টা করি। এটি ছাপিয়ে ভালো লাগাতেই মন ভরে যায়।সামীরা মোস্তফাপ্রায় আট বছর ধরে বাংলা নববর্ষের ছবি তুলছি। খুবই ভালো লাগে। আগের সেই একঘেয়েমিটা নেই। এখন নানাভাবে বর্ষবরণ করা হয়। ফ্রিল্যান্স কাজ করতে গিয়ে অভিজ্ঞতাটা অন্য রকম হতো। এখন কাজের সূত্রে তা পরিবর্তন হয়েছে। এমনো হয়েছে অনেক ভিড়ে হয়তো ভালো কাজটা করতে পারিনি। কী যে মন খারাপ হতো। কান্নাকাটিও করেছি। বৈশাখে এখন নিজেকে সাজানোর সময়পাই না। কিন্তু অন্যের সাজের ছবি তুলি। এতেও অনেক ভালো লাগা জড়িয়ে থাকে।