বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল রোববার দুপুরে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মীর নিক্সন রয়েছেন।জানা গেছে, আন্দোলনকারীরা ক্যাম্পাস ছেড়ে দ্বিতীয় দিনের মতো শহরে আন্দোলন করতে আসেন। তাঁরা ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীরা অন্তত ২৫টি যানবাহন ভাঙচুর করেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।বেতন-ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা ২৬ জুলাই থেকে ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। তাঁরা গত শনিবার থেকে ক্যাম্পাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহরেও আন্দোলন শুরু করেন। শনিবার তাঁরা ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সভা-সমাবেশ করেন। ফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম নগর থেকে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় যেতে হলে ষোলশহর ২ নম্বর গেট দিয়ে যেতে হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে শাটল ট্রেনে করে ষোলশহর রেলস্টেশনে আসেন। তাঁরা ষোলশহর রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়গামী দুটি ট্রেন আটকে দেন। তাঁরা ট্রেন থেকে ছাত্রছাত্রীদের নামিয়ে দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা চট্টগ্রাম প্রেসক্লাবে সমাবেশ করেন। এখানে তাঁরা বেলা আড়াইটা পর্যন্ত ছিলেন। পরে মিছিল নিয়ে তাঁরা চকবাজার হয়ে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় যান। সেখানে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। এ সময় তাঁরা যানবাহন ভাঙচুর শুরু করেন। পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্ররা ২ নম্বর গেটের সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর শুরু করেন। পরে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের দুটি শেল নিক্ষেপ করে। ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলশী ও পাঁচলাইশ থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরুর পর পুলিশের লাঠিপেটার মুখে আন্দোলনকারীরা জিইসি মোড়ের দিকে যান। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় তাঁরা যানবাহনেও ভাঙচুর চালাতে থাকেন। তাঁরা পাঁচটি ব্যক্তিগত গাড়ি, দুটি মাইক্রোবাস, ছয়টি বাসসহ অন্তত ২৫টি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে প্রথমে ২০ জনকে আটক করে। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে খুলশী থানা এলাকায় দুজন এবং পাঁচলাইশ থানা এলাকায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘অবরোধ ও যানবাহন ভাঙচুর থেকে বিরত থাকতে আমরা সকাল থেকে আন্দোলনকারীদের অনুরোধ করছিলাম। কিন্তু তাঁরা শনিবারের মতো ষোলশহরে সড়ক অবরোধ করতে গেলে আমরা বাধা দিই।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ বলেন, বর্ধিত বেতন ফি প্রত্যাহারের নামে অযৌক্তিক আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে নগরে গাড়ি ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়।ক্যাম্পাস ছিল শান্ত: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মিছিল-সমাবেশ হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কোনো বিভাগে ক্লাস হয়নি। তবে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কয়েকটি বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বলেন, প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিক ছিল।নতুন কর্মসূচি: আন্দোলনকারীরা জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে আন্দোলন ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে। ট্রেন চলাচলে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। পরীক্ষা-ক্লাস বন্ধ করে দেওয়া হবে।সংশোধনী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলনের সংবাদে গতকাল ছবির ক্যাপশন ও হাইলাইটসে ভুলে হালিশহর লেখা হয়েছিল। প্রকৃতপক্ষে হবে ষোলশহর।