ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ, অবরোধ ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার নাসের ছালেহ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। অধিকতর নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পবিপ্রবি ক্যাম্পাসে যেকোনো প্রকার মিছিল, সমাবেশ, অবরোধ, মানববন্ধন প্রভৃতি কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।উল্লেখ্য, পবিপ্রবির শান্তিশৃঙ্খলা বোর্ডের অষ্টম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩ মে বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও অর্থদণ্ডে দণ্ডিত করেছে প্রশাসন।গত ফেব্রুয়ারি মাসে ছাত্রদের মধ্যে মারামারি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ না দর্শানোর অভিযোগ, ৬ মে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ছাত্রদের দ্বারা সংগঠিত অসামাজিক কর্মকাণ্ড এবং বিবিধ বিষয় পর্যালোচনা করে শৃঙ্খলা বোর্ড বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বিধি মোতাবেক ২০ শিক্ষার্থীকে বহিষ্কার ও সাত শিক্ষার্থীকে অর্থদণ্ডে দণ্ডিত করার সুপারিশ করে। দণ্ড পাওয়া শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতা-কর্মী।