ক্যাম্পাসে দিনভর ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের মহড়া
জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্রোহী গ্রুপ আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর মহড়া দিয়েছে। আজও ছাত্রদলের মূল কমিটির কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায়নি। বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে না দেওয়ার লক্ষ্যে বিদ্রোহী গ্রুপের নেতাদের দিনভর মহড়া ছিল চোখে পড়ার মতো।এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্রোহী অংশের অন্যতম নেতা আহসানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিদ্রোহী নই, বঞ্চিত। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন করার সময় ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করা হয়নি। উপরন্তু অছাত্র, সন্ত্রাসী ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তদের মূল কমিটিতে স্থান দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীরা চাপিয়ে দেওয়া কমিটির ডাকা ধর্মঘটে সাড়া দেননি। বঞ্চিত গ্রুপ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অছাত্র টুকু-আলিম গংদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিহত করবে।