রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার রাতে ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেছেন, ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলা, হতাহত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আজ বিকেলে পুলিশ ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরের সাতজন কর্মীকে আটক করে। শিবিরের আটক কর্মীরা হলেন মোহাম্মদ মেজবা, মামুন, মহসীন আলী, নাজমুল হোসেন, শামীম হোসেন, আবদুল বারী ও হোসেন আলী। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, এই সাতজন কর্মীকে আটকের পর আজ রাত সাড়ে আটটার দিকে ছাত্রশিবিরের দেড় শতাধিক নেতা-কর্মী চারুকলা এলাকা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে দলীয় স্লোগান দেন। এ সময় তাঁরা সেখানে ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে যায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িত ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনার সময় ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের আটক করতে পুলিশ সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না—এ ব্যাপারে তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম আজকের রাতের ওই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অবহেলাকে দায়ী করেন। তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রশিবিরের নেতা-কর্মীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।