ক্যাম্পাসের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লাস শেষ করেই হলে দিই ছুট। কোনোরকম বিশ্রাম নিয়েই ইফতার বানাতে বসে পড়ি। বাড়ির মতো আয়োজনের ব্যাপকতা না থাকলেও রুমমেটদের নিয়ে, আবার কখনো হলের বন্ধুদের সঙ্গে নিয়ে ইফতার করি। আমাদের ইফতারে পদ কিন্তু কম থাকে না। সবাই মিলে ভাগ করে খাই।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা আখতার। তিনি থাকেন শামসুন নাহার হলে।ইফতারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চিত্র একটু অন্য রকম। কেউ হলে রুমমেটদের সঙ্গে ইফতার করেন, আবার অনেকে দলবেঁধে হলের সামনের ফুটপাতে বসে ইফতার করেন। টিএসসির ভেতরের ক্যাফে, বিস্তীর্ণ মাঠ কিংবা করিডরের জায়গায়ও অনেকে ইফতার করেন।বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ফাতেমা মিতু বলেন, ‘নিজের হলে তেমন বন্ধু নেই। তাই পাশের হল বাংলাদেশ কুয়েত মৈত্রী থেকে বন্ধুরা আসে। যে যার সাধ্যমতো ইফতারের আয়োজন করে। আর সবার তৈরি করা খাবার দিয়ে সেরে ফেলি ইফতার। ইফতার করতে বসি হলের সামনের খোলা জায়গায় খবরের কাগজ বিছিয়েই। হলের বাইরের খোলা পরিবেশে বসে ইফতার করার আলাদা মজা আছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে রমজান মাসে বসে ইফতারের আসর। এর মধ্যে বড় আসরটা বসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল আর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সামনে খোলা জায়গাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী সাইফুর রাসেল জানান, হলের ক্যানটিনের ইফতারি কিংবা রাস্তার খোলা ইফতারি কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে আছে নানা প্রশ্ন। তবে আবাসিক হলের মেয়ে বন্ধুদের কল্যাণে মাঝেমধ্যেই পাতে পড়ে ঘরোয়া পরিবেশের হাতে বানানো ইফতারি। বিশ্ববিদ্যালয় জীবনে এসে বাড়ির ইফতারির কথা মনে পড়ে কারও কারও। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুফলা রহমান বলেন, ‘রমজান মাসে বাড়ির কথা খুব মনে হয়। মিস করি বাড়িতে বানানো নানা পদের ইফতারি। তবে বন্ধুরা সবাই মিলে ইফতারি করলে মন খারাপ কিছুটা সময়ের জন্য হলেও ঘুচে যায়।’