ক্যাম্পে থাকার সময় জেনেছেন কামারুজ্জামান আলবদরের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মো. মনোয়ার হোসেন খান ওরফে মোহন মুন্সী বলেছেন, আলবদরের ক্যাম্পে পাহারাদার থাকার সময় তিনি জানতে পারেন, কামারুজ্জামান আলবদরের নেতা।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার মোহন মুন্সীকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধকালে মোহন মুন্সী ছিলেন আলবদর বাহিনীর সদস্য ও শেরপুর শহরে সুরেন্দ্র সাহার বাড়িতে স্থাপিত আলবদর ক্যাম্পের পাহারাদার। ২৫ জুলাই তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।গতকাল জেরা চলাকালে কামারুজ্জামান আসামির কাঠগড়ায় ছিলেন। আসামির সঙ্গে প্রথম পরিচয় কোথায়—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, কামারুজ্জামানকে তিনি ছোটবেলা থেকে চেনেন। একাত্তরে কামারুজ্জামান দেখতে কেমন ছিলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যেমন আছেন, একাত্তরেও তেমন ছিলেন। তবে ওই সময় আরও যুবক ও দেখতে সুন্দর ছিলেন।কফিল উদ্দিন জানতে চান, জবানবন্দিতে উল্লেখ করা ১৫-২০টি গাড়ি কোথাকার ও এগুলোর মালিক কারা? জবাবে মোহন মুন্সী বলেন, এগুলো শেরপুরের গাড়ি, মালিক ছিলেন মমতাজ নায়েক, সুরেন্দ্র সাহা, পরিমল ও একজন বিহারি। সুরেন্দ্র সাহার বাড়িতে রাতে কী আলোচনা হয়েছে, জানেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কী আলোচনা হয়েছে, তা জানেন না। তবে সকালে উঠে দেখেন, সেখানে পাকিস্তানের পতাকা উড়ছে, আর কামারুজ্জামান লোকজনের সঙ্গে আলোচনা করছেন। এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তাঁর বড় ভাই কামারুজ্জামানের সঙ্গী ছিলেন, তাঁর কাছে জেনেছেন কামারুজ্জামান বড় নেতা। মুক্তিযুদ্ধের আগেই তিনি বড় নেতা ছিলেন। তিনি সুরেন্দ্র সাহার বাড়ির ক্যাম্পের পাহারাদার থাকাকালে কামারুজ্জামান সেখানে যেতেন কি না—এর জবাবে বলেন, প্রায়ই যেতেন। মাঝেমধ্যে অন্য ক্যাম্পেও যেতেন।একাত্তরে শেরপুরে কয়টি স্কুল ছিল—আইনজীবীর এ প্রশ্নে মোহন মুন্সী বলেন, তিনটি। আইনজীবী স্কুল তিনটির নাম জানতে চাইলে তিনি নামগুলো বলেন। কোন স্কুলের প্রধান শিক্ষক কে ছিলেন—আইনজীবী এ প্রশ্ন করলে ট্রাইব্যুনাল বলেন, যে মানুষ জীবনে স্কুলে যাননি, তিনি কীভাবে বলবেন কোন স্কুলের প্রধান শিক্ষক কে ছিলেন। আইনজীবী বলেন, তিনি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাই করছেন। ট্রাইব্যুনাল বলেন, সাক্ষী তিনটি স্কুলের নাম বলতে পেরেছেন, এতে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বাড়ল না কমল? আইনজীবী বলেন, স্কুলের প্রধান শিক্ষকের নাম জানা একটি সাধারণ জ্ঞান। ট্রাইব্যুনাল বলেন, এটা কোনো সাধারণ জ্ঞান নয়। ঢাকা সেনানিবাস কতখানি এলাকাজুড়ে—ট্রাইব্যুনালের এ প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, এটা তাঁর জানার বিষয় নয়। এ সময় ট্রাইব্যুনাল বলেন, স্কুলের প্রধান শিক্ষকের নাম জানাও সাক্ষীর জন্য জরুরি নয়।মোহন মুন্সীর জেরা অসমাপ্ত অবস্থায় আজ মঙ্গলবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল।খন্দকার আবুল আহসানকে জেরা শেষ: জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী খন্দকার আবুল আহসানকে গতকাল জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী একরামুল হক। একই ট্রাইব্যুনালে এই জেরা হয়। জেরায় আসামিপক্ষের আইনজীবী বিএনআর ল ফার্মের পূর্ণরূপ জানতে চাইলে সাক্ষী বলেন, এটি তাঁর মনে নেই। ১৯৭১ সালে মিরপুরের লোকজনের মধ্যে কত শতাংশ বিহারি ছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ৯০ শতাংশ।বঙ্গবন্ধুর নির্দেশে মিরপুরে ইপিআর মোতায়েন করা হয়েছিল, এ কথা তিনি কার কাছে শুনেছেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তিনি তাঁর বাবার কাছে শুনেছেন। আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তর থেকে বাহাত্তর সাল পর্যন্ত মিরপুরে কাদের মোল্লা নামে কেউ ছিলেন না। সাক্ষী বলেন, এটা সত্য নয়।শেষ পর্যায়ে একরামুল হক সাক্ষীর বক্তব্যকে বানোয়াট, মিথ্যা ও শেখানোমতে তিনি সাক্ষ্য দিলেন মন্তব্য করলে আবুল আহসান বলেন, এটা ঠিক নয়।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা: এদিকে, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে ৩৯তম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজ আবার তাঁকে জেরা করা হবে।