ক্যাম্পে যাইরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এমআইটির প্রথম সেমিস্টারেই সৌভাগ্য হলো বিশ্ববিখ্যাত ক্যানসার গবেষক রবার্ট ওয়াইনবার্গের ক্লাস করার। তো একদিন তিনি ই-মেইলের মাধ্যমে আমাদের একটা সমস্যা পাঠিয়ে দিয়ে বললেন, ‘হয়তো সমস্যাটা তোমরা কেউ পুরোপুরি সমাধান করতে পারবে না, কিন্তু তোমরা যে এটা নিয়ে চিন্তাভাবনা করবে, সেটাই পরে কাজে দেবে।’ দূর! এমনিই পড়ালেখার জ্বালায় বাঁচি না, আবার চিন্তাভাবনার জন্য নতুন সমস্যা! সবার ইনবক্সেই রয়ে গেল সেই সমস্যা। নভেম্বরের শেষের দিকে আমরা চার দিনের একটা ছুটি পাই। তো সেই ছুটিতে দেখি ‘হায়! হায়! কিছু করার নাই!’ এ রকম অবস্থা। তখন সেই সমস্যার কথা মনে পড়ল। সারা দিন সেই সমস্যা নিয়ে গুঁতাতে থাকলাম। দেখি যে সমাধান বৃত্তাকারে ঘোরে, কিছুতেই মেলে না। অবশেষে চতুর্থ দিন বিকেলবেলা আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইলেন এবং সমাধান হলো। আমি মহা উৎসাহের চোটে আমার সমাধান ই-মেইল করলাম সেই প্রফেসরকে। তিনি আমাকে রিপ্লাই দিলেন, ‘You are made of tough stuff. I want to meet you.’ আমি নাচতে নাচতে তাঁর সঙ্গে দেখা করতে গেলাম এক ক্যাফেতে। তিনি জানতে চাইলেন, কতক্ষণ লাগল সমাধান করতে। আমি বললাম, ‘চার দিন।’ তিনি ৩২টা দাঁত বের করে হাসি দিয়ে বললেন, ‘আমার লেগেছিল আড়াই দিন।’ তারপর বললেন, ‘এই যে এভাবে একটা সমস্যার পেছনে লেগে থাকা—এটা তুমি কোথায় শিখলা?’ তখন আমি তাঁকে গল্প বললাম। বাংলাদেশ জাতীয় গণিত ক্যাম্পের গল্প।২০০৭ সালে আমি যখন ক্যাম্পে পা রাখলাম, আমাদের প্রথমে একটা বড় রুমে বসানো হলো। আমার এখনো মনে আছে, আমি আর আরেক ক্যাম্পার সাবরিন পাশাপাশি বসে আছি। আমাদের সামনে মুন (জাতীয় গণিত দল, ০৭, ০৮, ০৯, ১০) আর ইশফাক (জাতীয় গণিত দল, ০৮, ০৯, ১০) একটা সমস্যা সমাধান করার চেষ্টা চালাচ্ছে। আমি তো দেখেশুনে বিশাল ধাক্কা খেলাম। এগুলো আবার কোন দেশি গণিত রে বাবা! ক্যাম্প শুরু হলো, ক্লাসে যাই, মোটামুটি অর্ধেকই বুঝি না। ক্যাম্পের পরিচালক এবং আমার দেখা সবচেয়ে ভালো মানুষগুলোর একজন, মাহবুব মজুমদার স্যারের কাছে গিয়ে কান্নাকাটি অবস্থা, ‘স্যার, কিছুই তো বুঝি না!’ স্যার বললেন, ‘অনেক কিছুই প্রথমে বুঝবা না। লেগে থাকতে হবে।’ আর কী করা! লেগে থাকার চেষ্টা করলাম। শেষে দেখলাম, কথাটা জীবনের সবকিছুতে খাটে। স্বপ্ন বেশ পলায়নপর। তার পেছনে লেগে থাকতে হয়, তার পরই সে ধরা দেয়।প্রফেসর ওয়াইনবার্গকে মাহবুব স্যারের একটা খুব সত্য কথা শোনালাম, ‘Those who are good problem-solvers, are not necessarily more genius than you. They just have the skills to attack a problem like a mad dog!’ ওয়াইনবার্গ হেসে দিয়ে বললেন, ‘I salute the place that taught you this.’ আমি তাঁকে মজা করে বললাম, সবার উচিত জীবনে একবার গণিত ক্যাম্পের মজা নেওয়ার জন্য হলেও গণিত করা। তিনি মাথা নেড়ে বললেন, ‘I totally agree.’মিটিং থেকে ফেরার পথে আমি সারাক্ষণ ক্যাম্পের সেই দিনগুলোর কথা ভাবছিলাম আর গুনগুন করে গাইছিলাম ‘মেলায় যাই রে’ গানটাকে প্যারোডি করে বানানো ‘সাদা রঙের টি-শার্ট পরে ছেলেমেয়েরা ক্যাম্পে যায়, ক্যাম্পে যায় রে!’নাজিয়া চৌধুরীশিক্ষার্থী, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং বাংলাদেশ গণিত দলের ব্রোঞ্জ বিজয়ীসদস্য।