সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে মাস দুয়েক ধরে ক্যারম খেলার নামে চলছে জুয়ার আসর। আগে এ খেলায় একশ্রেণীর বখাটে ও বেকার লোকজন জড়িত থাকলেও বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অসামাজিক কার্যক্রম চলতে থাকায় এলাকায় প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা জানান, বাদশাগঞ্জ বাজারের কলেজ রোড, হাসপাতাল রোড ও মাছ বাজার রোডে আট থেকে ১০টি চায়ের স্টলে ১০-১২টি ক্যারম বোর্ড রয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে এ খেলা শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। প্রতিটি গেম শেষ হলে ক্যারম বোর্ড মালিককে ১০ টাকা করে বোর্ড ফি দিতে হয়। এ খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলে বাজি ও অর্থের বিনিময়। বিষয়টি এত দিন লুকোচুরি থাকলেও বর্তমানে তা প্রকাশ্যে রূপ নিয়েছে। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত গেমপ্রতি বাজি চলে। যুবকদের পাশাপাশি কিছুদিন ধরে এ খেলায় প্রাথমিক ও হাইস্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে। ফলে ছাত্র ও যুবসমাজ দিন দিন ধ্বংসের দিকে ঝুঁকে পড়ছে।বাদশাগঞ্জ বাজার জামে মসজিদ রোডের বাসিন্দা মো. তাজুদ্দিন বলেন, নামেই শুধু ক্যারম খেলা আর ভেতরে ভেতরে চলছে জুয়া। অর্থের আদান-প্রদানের মাধ্যমে দুই পক্ষের মধ্যে খেলা পরিচালিত হয়। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এ খেলা চলে। রাতে বিদ্যুৎ না থাকলেও মোমবাতি জ্বালিয়ে চলতে থাকে কার্যক্রম। এতে করে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা।নাম প্রকাশ না করার শর্তে চায়ের স্টলের ক্যারম বোর্ডের পরিচালনারত একাধিক ব্যবসায়ী বলেন, ‘প্রতি গেম পিছে আমরা সামান্য কিছু টাকা নিচ্ছি ঠিকই কিন্তু খেলোয়াড়েরা বাজি ধরে খেলছেন কি না এ ব্যাপারে আমরা কিছুই জানি না।’ কাকিয়াম গ্রামের বাসিন্দা কলেজের শিক্ষার্থী রাজু আহম্মেদ বলেন, অভিভাবকদের কাছ থেকে খাতা, কলম, বই ও প্রাইভেট পড়ার নাম করে শিক্ষার্থীরা টাকা নিয়ে স্কুল ফাঁকি দিয়ে এ খেলায় অংশ নেয়। সংশ্লিষ্ট প্রশাসন জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দাবি জানান।বাদশাগঞ্জ বাজারের বণিক সমিতির উপদেষ্টা ও সমাজসেবক খায়রুল বশর ঠাকুর খান বলেন, ‘ইদানীং ক্যারম খেলায় টাকার বাজি হচ্ছে, বিষয়টি আমরা শুনতে পাচ্ছি। এই অসামাজিক কার্যক্রম বন্ধে বণিক সমিতির সদস্যদের নিয়ে ক্যারম খেলায় জুয়ার আসর বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রেহান উদ্দিন বলেন, ‘বাদশাগঞ্জ বাজারে টাকার বাজি ধরে ক্যারম খেলা হচ্ছে, এ বিষয়টি আমার জানা নেই। এমন কিছু হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বজলু রহমান বলেন, ‘আমাদের স্কুলের কোনো শিক্ষার্থী টাকার বাজি ধরে ক্যারম বোর্ড খেলে এমন প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ওই সব ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদ মিয়া চৌধুরী বলেন, ‘এসংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। এ ধরনের কিছু হয়ে থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’