কারও চরিত্রের গুণকীর্তন করতে আমরা বলে থাকি ‘ফুলের মতো পবিত্র’। ফুলকে ভাবা হয় নিষ্কলঙ্ক, পূত-পবিত্র। কিন্তু ১৮ শতকের শুরুর দিকে এক ‘আজব’ গল্প শুনিয়ে সবাইকে তাজ্জব বানিয়ে দিলেন উদ্ভিদপাগল এক সুইডিশ বিজ্ঞানী। বললেন, ফুল কিন্তু গঙ্গাজলে ধোঁয়া তুলসীপাতা নয়। ফুলেরও কলঙ্ক আছে। কলঙ্ক মানে? হ্যাঁ, ফুলদেরও যে মিলন হয়! মিলনে হয় গর্ভ। সেই গর্ভ থেকে বের হয় শিশুফুল। ‘ফুল’! মানে বোকা বনে গিয়েছিল সে সময়ের গোড়া ধর্মান্ধরা। সেই তো প্রথম জানা গেল, মানুষ বা অন্য প্রাণীদের মতো ফুল বা উদ্ভিদেরও প্রজনন হয়। প্রজনন মানে স্বাভাবিক সঙ্গমে জন্ম। ও হ্যাঁ, উদ্ভিদবিজ্ঞানের মৌচাকে ঢিল মেরে মধুর বিপরীতে তেতো সত্যটা যিনি উদ্ঘাটন করেছিলেন, তিনি হলেন ক্যারোলাস লিনিয়াস। ১৮ শতকের সে সময়ে উদ্ভিদবিজ্ঞানীদের বড় ঝামেলা ছিল, গণনাতীত অসংখ্য গাছপালাকে পালাক্রমে কী করে নির্দিষ্ট নামে ডাকা যায়। সমাধান দিলেন লিনিয়াস। দুটি শব্দে উদ্ভিদের নামকরণের পন্থা বের করলেন তিনি। এখন আমরা এই প্রথাকে বলে থাকি দ্বিপদ নামকরণ। এই প্রক্রিয়ায় উদ্ভিদের শ্রেণীবিন্যাসকরণ হলো আরও অনেক সহজ। লিনিয়াসও পেলেন খ্যাতি। তাঁকে বলা হয় ‘প্রজাতির দ্বিপদ নামকরণের প্রবর্তক’। অথচ যখন কলেজে পড়তেন, তখন লিনিয়াসের বাবা শিক্ষকদের কাছে জানতে চেয়েছিলেন, ছেলে তাঁর বিচক্ষণ ও বিজ্ঞ কি না। বেশির ভাগ শিক্ষকই বলেছিলেন, ‘ও কখনো পণ্ডিত হতে পারবে না।’ কিন্তু লিনিয়াসের ‘পাণ্ডিত্য’ ঢাকা থাকেনি। আগুন তো নিজেকে গোপন রাখতে পারে না। লিনিয়াসের বেলায়ও তাই তা গোপন থাকেনি। এখন তো নামডাক তাঁর বাস্তুসংস্থানবিদ্যার বোদ্ধা কিংবা শ্রেণীকরণবিদ্যার স্রষ্টা হিসেবে। ১৭০৭ সালের ২৩ মে লিনিয়াসের জন্ম সুইডেনে। ৩০৪তম জন্মদিনে তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শর্মিলা সিনড্রেলা