ক্যালিফোর্নিয়ায় সেলুনে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার ব্যস্ত একটি সেলুেন ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এ সময় একজন গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় পুলিশ। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর সিল বিচে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।সিল বিচের পুলিশ সার্জেন্ট স্টিভ বোউলস রয়টার্সকে জানায়, ঘটনার পরপর ওই ঘাতক পালিয়ে গেছে। তবে দুই ঘণ্টা পরই ওই সেলুনের আধা মাইলের মধ্য থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা সিল বিচ শহরের জন্য চরম ট্রাজেডি হয়ে থাকল। তবে নিহতদের মধ্যে কতজন সেলুনকর্মী তা জানা যায়নি।বোউলস আরও বলেন, হঠাত্ এ গুলি চালানোর কারণটি এখনো রহস্যজনক। বন্দুকধারী ও সেলুন মেরিটেজ নামের ওই প্রতিষ্ঠানের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা গোয়েন্দারা খতিয়ে দেখছেন।প্রতিষ্ঠানের মালিক হ্যানরি মোরেলস বলেন, ওই বন্দুকধারীর সাবেক স্ত্রী এ প্রতিষ্ঠানে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করতেন।সেলুনের সাবেক এক কর্মী লিদিয়া সোসা এ খবর শোনার পর সেখানে ছুটে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এই সেলুনে ওই বন্দুকধারীর আগের স্ত্রী কাজ করতেন। তাঁদের মধ্যে কলহ ছিল। তিনি তাঁকে হত্যা করার জন্যই এ গুলি ছুড়ে থাকতে পারেন। এতে তাঁর সাবেক স্ত্রীসহ ওই আটজন মারা যায়।