ক্রসফায়ার নিয়ে দৃকের প্রদর্শনী বন্ধ করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ‘ক্রসফায়ার’ শিরোনামে দৃক গ্যালারি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী আজ সোমবার বন্ধ করে দিয়েছে পুলিশ। দৃকের নির্বাহী পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।দৃকের কর্মকর্তা ও লেখক রেহনুমা আহমেদ প্রথম আলোকে জানান, আজ সকালে পুলিশ এসে এই প্রদর্শনীতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ধানমন্ডির দৃক গ্যালারির ফটক বন্ধ করে দেয়। ফলে কেউ ভেতরে ঢুকতে পারেনি। এ অবস্থাতেই রাস্তার ওপরে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন লেখিকা মহাশ্বেতা দেবী। বক্তব্য দেন নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীর, শহীদুল আলম প্রমুখ। প্রদর্শনীর সঙ্গে সেখানে ‘মিডিয়া একাডেমি’রও উদ্বোধন করা হয়।এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, পুলিশ কমিশনারের যথাযথ অনুমতি ছাড়াই দৃক গ্যালারি প্রদর্শনীটি শুরু করতে যাচ্ছিল। অনুমতি না থাকায় পরে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়।