ক্রসফায়ারের ঘটনায় সংসদীয় কমিটিতে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় বছর খানেক ক্রসফায়ার বন্ধ থাকার পর তা আবার নতুন করে শুরু হওয়ায় প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসী আটক করতে গেলে অনেক সময় বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা ঘটে। প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির সদস্য জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্ু্ন সাংবাদিকদের বলেন, ‘ক্রসফায়ারের বৈধতা আগে থেকেই প্রশ্নবিদ্ধ। বেশ কিছুদিন ক্রসফায়ার বন্ধ ছিল। সম্প্রতি তা আবার ঘটতে শুরু করেছে। বিষয়টি নিয়ে কমিটিতে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে র্যাব যে ব্যাখ্যা দিয়েছে, তা কমিটির কারও কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, কারও কাছে হয়নি।’২২ মে রাজধানীর উত্তরায় র্যাবের ক্রসফায়ারে জহিরুল ইসলাম ও সাজু আকন্দ নামের দুই যুবক নিহত হন। পরে র্যাব জানায়, ওই দুজন পেশাদার ছিনতাইকারী ছিলেন। এ ছাড়া ১১ মে রাজশাহীর বিনোদপুর এলাকায় ক্রসফায়ারে শিবিরের এক কর্মী নিহত হন। সূত্র জানায়, বৈঠকে এসব ক্রসফায়ার নিয়ে প্রশ্ন তোলেন মুজিবুল হক। বৈঠক সূত্র জানায়, বৈঠকে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে অবৈধ অস্ত্রের ব্যবহার কমে গেছে। এ বিষয়ে তারা পাওয়ার পয়েন্টে কিছু তথ্য-উপাত্ত উপস্থাপন করে। তবে বৈঠকের কার্যসূচিতে এ-সম্পর্কিত যেসব কাগজপত্র উপস্থাপন করা হয়, বৈঠক শেষে তা ‘অতি গোপনীয়’ উল্লেখ করে কমিটির সদস্যদের ফাইল থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বৈঠকে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করা নিয়েও প্রশ্ন ওঠে বলে সূত্র জানায়। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কোনো ধরনের নাশকতা হবে না, এমন প্রতিশ্রুতি দিলে যে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হবে। কত দিন সমাবেশ নিষিদ্ধ থাকবে, জানতে চাইলে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট কিছু বলেননি। তবে মনে হচ্ছে অনির্দিষ্টকাল এভাবে চলবে।সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে ৫ মে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশ রক্তপাতহীনভাবে মোকাবিলা এবং সাভারের রানা প্লাজা ধসের পর তা বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করা হয়। কমিটির সভাপতি ছায়েদুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মির্জা আজম, মুজিবুল হক চুন্নু, নূরুল ইসলাম, সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ।