ক্রসফায়ারের সমালোচনা ও আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বার্থবিরোধী অপচেষ্টা ও বিদেশি শক্তির চাপ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, টিপাইমুখ বাঁধ, ট্রানজিট ও সমুদ্রসীমা নির্ধারণের মতো বিষয়ে যদি দেশের স্বার্থ রক্ষা হয়, তবে বিএনপি সরকারকে ফুলের মালা দিয়ে বরণ করবে। আর যদি সবকিছু বিদেশিদের হাতে দিয়ে সরকার খালি হাতে ফিরে আসে, তবে তাদের পথে পথে কাঁটা বিছিয়ে দেওয়া হবে।জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ছাত্র সমাবেশে বেগম জিয়া এসব বক্তব্যের পাশাপাশি ক্রসফায়ারের সমালোচনা করেন।গতকালের সমাবেশে ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলো খালেদা জিয়ার বক্তব্যে বারবার উঠে আসে। ভারতের কাছ থেকে বিভিন্ন ইস্যুতে দেশের স্বার্থ রক্ষা করতে না পারলে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে যাবে বলে বক্তব্যে স্পষ্ট করেন খালেদা জিয়া।ছাত্র সমাবেশ হলেও দুপুর দুইটার পর থেকেই সেখানে বিএনপি ও তার অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। ঢাকার বিভিন্ন থানা শাখা ছাড়াও আশপাশ এলাকা থেকেও নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। খালেদা জিয়া দল পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন—এমন কথা আগেই নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। বিগত নির্বাচনে বিএনপির ভরাডুবির পর রাজধানীতে এ ধরনের সমাবেশে খালেদা জিয়ার এটাই প্রথম উপস্থিতি।নির্বাচনের পর বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সভা-সমাবেশে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা বলে আসছিলেন। কিন্তু এ ব্যাপারে খালেদা জিয়া নিশ্চুপ ছিলেন। গতকালের সমাবেশে তাঁর বক্তব্যে সামনের দিনগুলোতে বিএনপি কোন পথে চলবে, কোন কোন ইস্যুতে সরকারবিরোধী অবস্থান নেবে, তা স্পষ্ট হয়।প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেত্রী বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণে সম্মতি দেওয়া যাবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ন করে ট্রানজিটও দেওয়া চলবে না। আর অবিলম্বে দেশের সমুদ্রসীমা নির্ধারণে সাহসী পদক্ষেপ নিতে হবে। এসব না করে বর্তমান সরকার যদি বিদেশিদের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেয়, তাহলে চারদলীয় জোট সরকার পতনের আন্দোলনে নামবে।সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, যারা ক্ষমতায় আছে তারা নয়, অন্য কেউ অন্য কোথাও বসে দেশ পরিচালনা করছে। সরকার বিদেশি শক্তির স্বার্থ সংরক্ষণে কাজ করছে।সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি বারবার অভিযোগ করেন। তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজির মাধ্যমে লুটতরাজ করছেন। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন, শিক্ষককে মারধর করছেন।ক্রসফায়ারের সমালোচনা: খালেদা জিয়া বলেন, ক্রসফায়ারের মাধ্যমে বর্তমান সরকার অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখানে ক্ষেত্র বিশেষে নিজেদের রাস্তাও তারা পরিষ্কার করে নিয়েছে। দেখা গেছে, ঘর থেকে ধরে নিয়ে গিয়ে নিরপরাধ মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে জনজীবনে আতঙ্ক নেমে এসেছে। এ অবস্থা চলতে পারে না।প্রসঙ্গত, ২০০৪ সালে বিএনপির আমলেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠনের পর ক্রসফায়ার শুরু হয়। তখনকার বিরোধী দল আওয়ামী লীগ ক্রসফায়ারের বিরোধিতা করেছিল। বিএনপির চেয়ারপারসন এই প্রথম প্রকাশ্যে ক্রসফায়ারের সমালোচনা করলেন।তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনের সমালোচনা: বেগম জিয়া সংসদ নির্বাচনকে পাতানো ও আঁতাতের নির্বাচন হিসেবে উল্লেখ করেন। বলেন, ‘দুই নম্বরি করে, জালিয়াতি করে ক্ষমতায় আসা যায়। কিন্তু টিকে থাকা যায় না।’বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দুই বছরে অসাংবিধানিক সরকার দেশকে আরও ২০ বছর পিছিয়ে দিয়েছে। দুর্নীতি দমনের নামে এ দেশের রাজনীতি ও রাজনীতিকদের দমনের চেষ্টা করেছে। তারা বিদেশের কাছে বাংলাদেশকে অপমানিত করেছে।নিজের দলের সংস্কারপন্থী নেতাদের সমালোচনা করে বেগম জিয়া বলেন, ১৯৮২ সালে যখন দেশে স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসে, তখন বিএনপি থেকে সুযোগসন্ধানীরা বেরিয়ে গিয়ে বিএনপিকে ধ্বংসের চক্রান্ত করেছিল। কিন্তু তখন তারা ব্যর্থ হয়েছিল। অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তাল মিলিয়ে বিএনপির কিছু লোক মিলে আবারও এ সংগঠনটিকে ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু এবারও তারা সফল হতে পারেনি।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের সাহসিকতার প্রতীক ছাত্রদল। অতীতে এ সংগঠনটি দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি সামনের দিনে দুঃশাসন মোকাবিলায় এই সংগঠনকে প্রস্তুত থাকার আহ্বান জানান।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন, আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন প্রমুখ বক্তব্য দেন।