ক্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালাম সাহেবের জীবনটাই শুরু হয়েছিল ফ্ল্যাশব্যাক দিয়ে—তাঁকে রমা দাইয়ের হাতে প্রথম দেখে তাঁর মা ফ্ল্যাশব্যাকে গিয়ে তাঁর মরহুম বাবার চেহারা নিয়ে ভাবতে শুরু করেছিলেন। শিশু কালামের মুখটায় কেটে বসানো ছিল নানার মুখ। সেই কালাম সাহেব এখন বৃদ্ধ অথবা অকালবৃদ্ধ, যেহেতু জীবনে মাকে পেয়েছেন মোট সাড়ে তিন বছর এবং এক সৎমাকে পেয়েছেন তেইশ বছর। মা থাকলে এই বয়সে—অর্থাৎ ৬২তে—তিনি হয়তো আরেকটু সতেজ থাকতেন। কিন্তু সৎমার হাতে পড়ে সেই সতেজতা তো থাকেইনি, বরং শরীরের সব রস অল্প বয়সে শুকিয়ে গেলে তিনি অকালবার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে গেছেন। তাঁর কাজের মেয়ে রাজিয়া টিভিতে পুষ্টির বিজ্ঞাপন দেখে আর আক্ষেপ করে বলে, ‘স্যার যদি ছোটবেলায় নিয়মিত শাকসবজি, ডিম ও শাঁসযুক্ত ফলমূল খেতে পারতেন!’ তবে রাজিয়া পারতপক্ষে তাঁর ধারে-কাছে আসে না, প্রথমত, তাঁর মেজাজের কারণে—মেজাজটা তাঁর এতই কড়া যে ঘরের টিকটিকিগুলো পর্যন্ত তাঁর চিৎকার-চেঁচামেচিতে বিরক্ত হয়ে আমার ফ্ল্যাটে আশ্রয় নিয়েছে, এবং দ্বিতীয়ত, তাঁর হাড়কিপ্টামির জন্য। রাজিয়াকে দেখলেই তিনি অন্ন ধ্বংস করার অপবাদ দেন এবং ঘর থেকে বের করে দেন। তাঁর বাড়ির টিকটিকিগুলোর মতো রাজিয়াও আমার বাড়িতে আশ্রয় নেয়, এবং আমার স্ত্রীকে মনের দুঃখ জানায়। প্রতিবেশীদের মধ্যে আমার সঙ্গেই যা কিছু সদ্ভাব কালাম সাহেবের। এবং সে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য। আমাকে একটু ভয়ও পান। তাঁর ধারণা, এ প্রতিষ্ঠানের ছেলেমেয়ে থেকে নিয়ে শিক্ষকেরা সবাই ভয়ংকর—সারা দিন বন্দুক নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় এদের সময় কাটে। আমার ঘরে ঢুকলে তাঁর মেজাজের পারদ নেমে শীতল হয়। তার একটি কারণ অবশ্য আমার স্ত্রীর আপ্যায়ন। সে কিছুতেই কালাম সাহেবকে অভুক্ত বিদায় করবে না। অন্য কারণ, আমার সঙ্গেই তিনি যেটুকু গল্পটল্প করেন। কালাম সাহেবের এক ছেলে, এক মেয়ে। ছেলেটি সস্ত্রীক সঙ্গে থাকে এবং বাবার দেখাশোনা করে। কিন্তু প্রয়োজনের বাইরে একটি কথাও বলে না তাঁর সঙ্গে। ছেলে—ইমন—বিয়ে করেছে রিমা নামের এক আর্কিটেক্ট মেয়েকে; দুজনের একটি পাঁচ বছরের মেয়েও আছে। রিমাও শ্বশুর থেকে অনেক দূরত্বে থাকে। শুধু নাতনিটি, যাকে কালাম সাহেব প্রিন্সেস বলে ডাকেন, তাঁকে যেটুকু সঙ্গ দেয়; কিন্তু তাঁর মেজাজের প্রথম লক্ষণ দেখা দিলেই সে পালায়। পালানোর আগে ‘দাদু, তুমি একটা ইমপসিবল মানুষ’, এ রকম অভিমানী অভিযোগ ছুড়ে দেয়, যা শুনে কালাম সাহেবের রাগ ফেটে বেরিয়ে আসে।প্রিন্সেস ওই ‘ইমপসিবল’ কথাটি শুনেছে তার বাবার কাছ থেকে। ইমন এমনিতে খুবই ভদ্র; চেহারাটাও নিপাট। কিন্তু একদিন কালাম সাহেবের চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে আমার ফ্ল্যাটে এসে কড়া নেড়েছিল। ‘চাচা’, আমি দরজা খুলে বেরোতে সে বলেছিল, ‘একটু কি সাহায্য করবেন? বাবাকে একটু থামাবেন? তিনি রিমার চৌদ্দগুষ্টি তুলে গাল দিচ্ছেন।’‘কেন?’‘রিমার বাবা—মানে, আমার শ্বশুর—ইফতার পাঠিয়েছেন। একটু বেশিই পাঠিয়েছেন। বাবার ধারণা, উনি টাকার গরম দেখাচ্ছেন।’‘আচ্ছা?’‘রিমাও কান্নাকাটি করছে...। চাচা, একটু কিছু করেন, না-হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা এক ইমপসিবল মানুষ।’২.কালাম সাহেব যে কিপ্টা, সে তাকে প্রথম দেখলেই বোঝা যায়। কাপড়চোপড় সস্তা, শরীরের ভাবখানা গরিব, চাহনিতে পৃথিবীর যত আক্রোশ। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম, ‘কালাম ভাই, সমস্যাটা কী, বলেন তো?’আমার প্রশ্ন শুনে তিনি প্রথমে সাপের মতো ফুঁসে উঠলেন, কিন্তু খুব একটুখানি। তার পরই মেজাজ-পারদের রাশ টেনে ধরে কিছুক্ষণ চুপ করে মাটির দিকে তাকিয়ে বললেন, ‘বলব?’‘যদি ইচ্ছে হয়।’কালাম সাহেব তাঁর বলার শুরুতেই ফ্ল্যাশব্যাকে চলে গেলেন। তাঁর বিয়ের দিনে। এবং পনেরো মিনিট ধরে স্ত্রীর সঙ্গে প্রথম পরিচয়, প্রণয় এবং পরিণয়ের গল্প বললেন। এবং খুব দ্রুত, জীবনের বেশ কটি বছর ফাস্ট-ফরোয়ার্ড করে, স্ত্রীকে নিয়ে উপস্থিত হলেন সাতক্ষীরায় এবং ডাক্তার আজিজুল হকের চেম্বারে। স্ত্রীর এক জটিল অসুখ হয়েছিল; এবং তাঁর ধারণা, ক্যানসার। এবং এর লক্ষণ দেখা দিতে থাকে ইমনের ছোট বোন সুমনার জন্মের পর থেকেই। তিনি জানতেন, এই রোগের চিকিৎসায় পয়সা প্রচুর লাগে। তিনি তখন থেকেই প্রতি মাসে টাকা জমাতে থাকেন। ‘এই যে আমাকে ইমন আর রিমা কিপ্টা বলে, প্রফেসর সাহেব,’ কালাম সাহেব মাথা ঝুঁকিয়ে বললেন, ‘তার শুরুটা সেই সময়েই। সামান্য চাকরি করতাম, কিপ্টামি না করলে কি টাকাটা জমাতে পারতাম? আমার দুঃখ, ছেলেমেয়ে, বউমা ভুল বুঝল। আমিও শোধরাতে চেষ্টা করিনি।’‘কেন?’‘ইচ্ছা হয়নি। ওদের ধারণা আমার স্বভাবটাই কিপ্টামির।’ তিনি বললেন।সাতক্ষীরায় ডা. হক তখন নতুন এসেছেন। তিনি নিজেকে ক্যানসার বিশেষজ্ঞ দাবি করে জানালেন, ঢাকায় গিয়ে এক কাঁড়ি টাকা খরচ করে চিকিৎসা করে কী লাভ, বরং সাতক্ষীরাতেই ভালো চিকিৎসা হবে। ডাক্তার হক অল্পদিনেই নাম-যশ কুড়ান। ফলে কালাম সাহেব তাঁর পেছনেই লেগে থাকলেন। একবার যে ঢাকা নিয়ে যাননি স্ত্রীকে তা নয়, কিন্তু ডাক্তারের দুর্ব্যবহারে ব্যথিত হয়ে সাতক্ষীরায় ফিরে গিয়েছিলেন। ডা. হক চিকিৎসা করলেন বটে, কিন্তু তাতে লাভ যা হলো, বেশি দিন না ভুগেই কালাম সাহেবের স্ত্রী পরপারে গেলেন। ডাক্তার আরও দুজন রোগীকে বিশেষজ্ঞ সেবা দেওয়ার নাম করে তাদেরও ভবলীলা সাঙ্গ করেছিলেন। এরপর তিনি গা ঢাকা দেন। তত দিনে অবশ্য কালাম সাহেব তাঁর জীবনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আহত সিংহের মতো ফুঁসছেন। ৩. সুমনা দিনাজপুরে থাকে। স্বামী আরিফ ব্যাংকে চাকরি করে। বাবাকে ভালোবাসে মেয়েটি, কিন্তু বাবার মেজাজ আর কিপ্টামির কারণে সামনে যেতে ভয় পায়। সুমনাকে ফোন করে অনুরোধ করেছে ইমন, ঈদটা যাতে বাবা দিনাজপুরে করেন, সেই ব্যবস্থা করতে। ইমন তিতিবিরক্ত। তার বিশ্বাস, বাবার কিপ্টামির জন্য মা মারা গেছেন। মায়ের মৃত্যুর জন্য ইমন বাবাকে দায়ী করে; তাঁকে কখনো ক্ষমা করতে পারবে না সে। সুমনাও কথাটা বিশ্বাস করে, কিন্তু বাবার জন্য তার দুর্বলতাও প্রচুর। মায়ের মৃত্যুর পর বাবা বিয়ে করেননি; নিজের হাতে তাদের দুজনকে মানুষ করেছেন, যদিও তাদের কোনো দিন একটা টাকাও অতিরিক্ত খরচ করতে দেননি। আরিফকে বাবার কথা বলতে সে প্রথমে ভয় পেয়েছে, পরে মহা বিরক্ত হয়েছে। ‘এই ঈদটা মাটিতে যাবে,’ সে বলেছে। কিন্তু কী আর করা! ঈদের তিন দিন আগে কালাম সাহেবকে ট্রেনে তুলে দিয়েছে ইমন। তাঁকে বলেছে, অফিসের সবাই কক্সবাজার যাবে, যদিও যাচ্ছে সে আর রিমা, সঙ্গে প্রিন্সেস। কালাম সাহেব বাড়ির বাইরে যেতে একদম পছন্দ করেন না। নিজের বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমাতে তার সবচেয়ে বেশি আপত্তি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে রাজি হতে হলো সুমনার পীড়াপীড়িতে। ইমনের অনুরোধে। সুমনা, আরিফ আর তাদের দুই ছেলেমেয়ের জন্য কাপড় কিনে দিল ইমন। তারপর বাবাকে নিয়ে বসাল তৃতীয় শ্রেণীর কামরায়। কালাম সাহেব কিছুতেই এর ওপরে যাবেন না। বাবাকে একটা মোবাইল ফোনও দিল। এবং তাদের সবার ফোন নম্বর একটা কাগজে লিখে তাঁর হাতে দিল। কালাম সাহেব সারা জীবনের অভ্যাসমতো সে কাগজ শার্টের আস্তিনে গুঁজে একটা বই বের করে তাতে মনোনিবেশ করলেন। ব্যথিত মনে ইমন ফিরল। ক্রুদ্ধ মনে কালাম সাহেব যাত্রা শুরু করলেন। ৪.ইফতারের আগে দিয়ে কালাম সাহেবের পাশের লোক নেমে গেলে তার জায়গায় গিয়ে বসল আওলাদ। এ লাইনে আওলাদকে মাঝেমধ্যে দেখা যায়, অজ্ঞান পার্টির করিৎকর্মা সদস্য। অরিজিনাল প্লেয়ার। সে দেখল, কালাম সাহেব তাঁর ব্যাগটা কোলে নিয়ে বসে আছেন। ‘স্যার কি ব্যাগটা ওপরে রাখবেন? তাহলে আরামে বসতে পারেন।’ আওলাদ জিজ্ঞেস করল। ‘না,’ কঠিন গলায় বললেন কালাম সাহেব।আওলাদ হাসল। ‘ঠিক আছে। নিশ্চয় স্যারের ব্যাগ ভর্তি দামি জিনিসপত্র!’‘হ্যাঁ,’ বইয়ে চোখ রেখে বললেন কালাম সাহেব, ‘সোনা-দানা, হীরা-জহরত, পাউন্ড-ডলার....যত্তসব!’ আওলাদ শুনল ‘কত্তসব’। তার চোখ কপালে উঠল।ইফতারের সময় হলে কালাম সাহেব পানির বোতল বের করলেন, সঙ্গে কালো হয়ে যাওয়া একটা কলা এবং এক প্যাকেট এনার্জি বিস্কুট। এ-ই তাঁর ইফতার। আওলাদ গলায় প্রচুর মধু ঢেলে বলল, ‘স্যার, এই জুসটা আপনাকে খেতে হবে। আমার স্যার আজ প্রমোশন হয়েছে। আমি ইনস্যুরেন্সে চাকরি করি। এই জুস না খেলে, স্যার, আমার মন খারাপ হবে।’আওলাদের চোখে একটা কাতর চাহনি ছিল। সেই চাহনিই কাল হলো কালাম সাহেবের জন্য। তিনি জুস খেলেন।৫. ট্রেন পার্বতীপুর থামার কিছুক্ষণ আগে লোকজন দেখল, কালাম সাহেব অচেতন পড়ে আছেন জানালার পাশে, গুটিসুটি ভঙ্গিতে। তারা দেখল, তাঁর হাতে ঘড়ি নেই, পকেটে মোবাইল ফোন নেই, মানিব্যাগ নেই। তারা তাঁকে ধরাধরি করে পার্বতীপুর স্টেশনে নামিয়ে দিল। স্টেশনের দয়ালু চায়ের দোকানদার আলপ্তগীন তার এক কর্মচারীকে দিয়ে অচেতন কালাম সাহেবকে একটা রিকশাভ্যানে তুলে পাঠিয়ে দিলেন নিউ লাইফ ক্লিনিকে। এবং নিউ লাইফ ক্লিনিকের ডাক্তার ওয়ারিস তাঁকে চিকিৎসা দিতে উদ্যোগী হলেন। সঙ্গে থাকলেন তাঁর স্ত্রী ডা. রিফাত। কালাম সাহেবের ভাগ্য ভালো। অন্য কেউ হলে, অথবা স্টেশনে আলপ্তগীন না থাকলে, সারা রাত তাকে একটা বেঞ্চে বা শানে পড়ে থাকতে হতো। অথবা না-ও হতো। কারণ, কালাম সাহেবের সঙ্গে পাঁচবিবির পর থেকে যোগাযোগবিচ্ছিন্ন ইমন তোলপাড় শুরু করেছে। আরিফকে ফোন করেছে। প্রতি দশ মিনিটে খোঁজ নিচ্ছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, শ্বশুরকে খবর নিতে লাগিয়েছে। কিন্তু না আরিফ, না পুলিশ, না শ্বশুর কোনো হদিস করতে পেরেছেন কালাম সাহেবের।৬. অনেক রাতে জ্ঞান ফিরলে কালাম সাহেব দেখলেন, পাশে একটি মেয়ে বসে আছে। তার গায়ে সাদা অ্যাপ্রোন। মেয়েটাকে তাঁর নিজের স্ত্রী আনিসা বলে ভ্রম হলো। তিনি তাকে ‘আনিসা’, ‘আনিসা’ বলে ডাকলেন। মেয়েটা পাশে আসতে তিনি বললেন, ‘তোমার গায়ে অ্যাপ্রোন কেন?’মেয়েটা অবাক হয়ে বলল, ‘আমি ডাক্তার, আমার নাম রিফাত।’ ‘স্যরি,’ কালাম সাহেব বললেন। তারপর ক্ষীণ কণ্ঠে বললেন, ‘এটা ডাক্তারখানা?’ ‘জি,’ রিফাত বলল। কালাম সাহেব শূন্যের দিকে তাকিয়ে বললেন, ‘তাহলে ডাক্তার আজিজুল হককে একটু ডাকুন।’‘কোন ডাক্তার আজিজুল হক?’ রিফাত অবাক গলায় জিজ্ঞেস করল। ‘কোন আজিজুল হক আবার?’ বিরক্ত হয়ে বললেন কালাম সাহেব, ‘সাতক্ষীরার নিউ রোডের।’ ডা. রিফাতকে মনে হলো পা ভেঙে পড়ে যাবে। ‘আপনি ওনাকে চেনেন?’ সে কাঁপা-কাঁপা গলায় জিজ্ঞেস করল। নিদারুণ বিরক্তি আর ক্লান্তি নিয়ে এবার কালাম সাহেব তাঁর সাতক্ষীরার বয়ান শুরু করলেন। তাঁর প্রিয় ফ্ল্যাশব্যাকে। অনেকক্ষণ শোনার পর রিফাত কালাম সাহেবের হাত ধরে বলল, ‘আমি ডা. আজিজুল হকের মেয়ে। বাবা সাতক্ষীরা থেকে পার্বতীপুর চলে এসেছিলেন। তিনি পালিয়ে আসেননি। তাঁর প্রচণ্ড অপরাধবোধ ছিল। এবং তিনি মারা যাওয়ার আগে এই ক্লিনিকটি করে যান। আমাকে ডাক্তার বানিয়েছেন, এবং বলেছেন, তাঁর পাপ কিছুটা হলেও যেন আমি মোচন করি।’কালাম সাহেবের মনে হলো অনেকক্ষণ ধরে কথা বলল মেয়েটি। তারপর তাঁর পরিচয় শুনল। তারপর জিজ্ঞেস করল, তাঁর পরিচিত কেউ আছে কি না, কারও সঙ্গে যোগাযোগের কোনো উপায় আছে কি না। কালাম সাহেবের তখন আস্তিনের কথাটা মনে পড়ল। ডা. রিফাত আস্তিন থেকে ইমনের লেখা কাগজ বের করে ইমনকেই ফোন করল। ৭.এর পরের ঘটনা ইমনই আমাকে বলেছিল। তত দিনে কালাম সাহেবের বাসায় টিকটিকিগুলো ফিরে গেছে। রিমা অফিসে যাওয়ার আগে প্রতি সকালে তাঁকে কাগজ পড়ে শোনায়, এবং প্রিন্সেসকে আর তাঁর চৌহদ্দি থেকে পালাতে হয় না।‘ডা. রিফাত আমাদের সব খুলে বলেছিলেন, চাচা। আশ্চর্য, বাবাকে আমরা সারা জীবন ভুল বুঝে এসেছি, অথচ তিনি কোনো দিন একটি কথাও বলেননি আমাদের, একটা ব্যাখ্যাও হাজির করেননি। এসব কিনা শেষ পর্যন্ত করল এক অচেনা মেয়ে!’ আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, ‘ঠিক আছে, দীর্ঘদিনের অপরাধবোধ থেকে মুক্তি পেয়ে কালাম সাহেব না হয় স্বস্তি ফিরে পেলেন, তাঁর মেজাজ ঠিক হলো, তিনি ভালো মানুষ হলেন, কিন্তু তাঁর কিপ্টামি, তার কী হলো? রাজিয়া আর রিমা থেকে শোনা কথাটা আমার স্ত্রী এবার আমাকে জানাল, ‘ভদ্রলোকের কিপ্টামিও ডাক্তার রিফাতের ক্লিনিকে ভালো হয়ে গেছে।’‘আচ্ছা?’‘হ্যাঁ। উনি তাঁর স্ত্রীর নামে ক্লিনিকের একটা পাঁচতলা এক্সটেনশন করার জন্য এত দিনের জমানো সব টাকা দিয়ে দিয়েছেন। ঈদের আগের রাতে।’