ক্রিকেট অস্কারে সাঙ্গাকারার রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলে তিনটি ট্রফি। পেছনে হাস্যোজ্জ্বল তিনি। সামনে একঝাঁক আলোকচিত্রী। ছবি তোলা আর শেষ হয় না।তিনটি ট্রফি হাতে নিয়ে দাঁড়ানো কঠিন। আলোকচিত্রীদের অনুরোধে তার পরও কোনোমতো দুই হাতে তিনটি ট্রফি নিয়ে দাঁড়াতে হলো। মুখে কোনো বিরক্তি নেই, বরং সারাক্ষণ সেখানে ঠোঁটে একটা হাসি ফুটে রইল। অর্জনে রঙিন এই রাতে কুমার সাঙ্গাকারা তো হাসবেনই।‘ক্রিকেট অস্কার’ বাহারি নামের আইসিসি বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে সবচেয়ে বড় পুরস্কার বর্ষসেরা ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। সেটি তো পেলেনই। পেলেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতিও। সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো ভক্তদের অনলাইন ভোটে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড।’টানা দ্বিতীয়বার আরেকটি পুরস্কারও পাওয়ার সম্ভাবনা ছিল। আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারটা অবশ্য ‘ছিনিয়ে’ নিলেন ভারতের বিরাট কোহলি। যে পারফরম্যান্স, তাতে ছিনিয়ে নেওয়াই বলা উচিত। এই পুরস্কারের জন্য নির্ধারিত সময়কালে ৩১টি ওয়ানডেতে কোহলির ৬৬.৬৫ গড়ে ১৭৩৩ রান। সাঙ্গাকারার ৩৭ ম্যাচে ১৪৫৭ রান।বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ক্রিকেটার—দুটিতেই সাঙ্গাকারার প্রতিদ্বন্দ্বী ছিলেন হাশিম আমলা, ভারনন ফিল্যান্ডার ও মাইকেল ক্লার্ক। ১৪ টেস্টে ৬০.১৬ গড়ে ১৪৪৪ রানে সাঙ্গাকারা বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। এর সঙ্গে ওয়ানডে পারফরম্যান্স এবং ৩৯টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং মিলে অর্জনটা এমনই অসাধারণ যে গ্যারি সোবার্স ট্রফিটা যোগ্য হাতে উঠেছে এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। এর আগে এই পুরস্কার পেয়েছেন রাহুল দ্রাবিড় (২০০৪), অ্যান্ড্রু ফ্লিনটফ ও জ্যাক ক্যালিস (২০০৫), রিকি পন্টিং (২০০৬-০৭), শিবনারায়ণ চন্দরপল (২০০৮), মিচেল জনসন (২০০৯), শচীন টেন্ডুলকার (২০১০) ও জোনাথন ট্রট (২০১১)।ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে ক্রিকেট-বিশ্ব ভালোই চেনে। বক্তা সাঙ্গাকারাকেও চিনতে শুরু করেছে লর্ডসে বিখ্যাত সেই বক্তৃতার পর। কালকের সংবাদ সম্মেলনেও সেই অসাধারণ বাগ্মিতার পরিচয়। ক্রিকেট ইতিহাস সম্পর্কে যেমন পরিষ্কার ধারণা আছে, তেমনি ক্রিকেট যে শুধুই জীবনের একটা অংশ, ক্রিকেটই জীবন নয়, সেই উপলব্ধিও। এ কারণেই আধুনিক যুগের ক্রিকেটারদের ‘ক্লিশে’ কথাবার্তার ভিড়ে সাঙ্গাকারার কথা উজ্জ্বল হীরকখণ্ড হয়ে থাকে। কাল সংবাদ সম্মেলনেও তা-ই হয়ে থাকল।গ্যারি সোবার্স ট্রফি বিজয়ীদের তালিকায় ক্যালিস-টেন্ডুলকারদের পাশে নাম লেখাতে পারার গর্বের কথাটাই যেমন বললেন খুব সুন্দরভাবে। ‘ওদের মতো পর্যায়ে যেতে আমাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে’—এই বিনয়টা সাঙ্গাকারাকে আরও বড়ই করে তুলল।পুরস্কারটা নিয়েছেন ব্রায়ান লারার হাত থেকে। কালকের অনুষ্ঠানেই লারাকে আনুষ্ঠানিকভাবে আইসিসি ক্রিকেট হল অব ফেমে বরণ করে নেওয়া হলো। লারার হাত থেকে পুরস্কার নেওয়াটাকে ট্রফির চেয়ে কম বড় মনে হচ্ছে না সাঙ্গাকারার, ‘আমি বড় হয়েছি ভিভ রিচার্ডসের খেলা দেখতে দেখতে। এরপর এল ব্রায়ান লারা। আমি সব সময়ই লারার মতো ব্যাটিং করতে চেয়েছি। দুর্ভাগ্য, সেটি আমার সাধ্যে নেই। ওর হাত থেকে এই পুরস্কার নেওয়াটা বড় এক সম্মান।’ক্রিকেটে এসেছেন অনেক পরে। কৈশোরে টেনিসই ছিল ধ্যানজ্ঞান। টেনিস না ক্রিকেট—এই দোলাচলের সময় বাবা বললেন, ‘যেটা ভালোভাবে করতে পারবে, সেটাই করো।’ ক্রিকেটটাই ভালোভাবে করতে পারবেন বলে মনে হওয়ায় ক্রিকেটার। এখনো বাবাই তাঁর কোচ এবং তাঁকে সন্তুষ্ট করাটাকে সাঙ্গাকারার মনে হয় বিশ্বের কঠিনতম কাজ। এখনো ক্যান্ডিতে ছেলেকে কাছে পেলে নিজস্ব কোচিং ম্যানুয়াল খুলে বসেন। বেশির ভাগ সময় কী বলেন, সাঙ্গাকারাই তা জানালেন হাসতে হাসতে, ‘এমন গাধার মতো ব্যাটিং করে তুমি শ্রীলঙ্কার পক্ষে খেলো কীভাবে?’এক বছরে তিনটি ট্রফি—বাবারও বোধ হয় এবার সাঙ্গাকারার পিঠ চাপড়ে না দিয়ে উপায় নেই।