ক্রিকেট কূটনীতির ছায়ায় চলছে পাকিস্তান-ভারত আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা আজ সোমবার নয়াদিল্লিতে আলোচনায় বসেছেন। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে এটা প্রথম আনুষ্ঠানিক শান্তি আলোচনা। স্বরাষ্ট্রসচিব পর্যায়ের এ আলোচনা কাল মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।আগামী বুধবার মোহালিতে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সেমিফাইনাল। খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আমন্ত্রণ করেন। গিলানি এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। দুই প্রধানমন্ত্রী মোহালিতে একসঙ্গে খেলা দেখবেন বলে কথা রয়েছে। মূলত ‘ক্রিকেট কূটনীতির’ ছায়ায় উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ভেঙে পড়া আলোচনা পুনরায় শুরুর একটা ভিত্তি তৈরি হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আজকের আলোচনা থেকে তেমন কিছু অগ্রগতির আশা নেই। তবে এতে আগামী জুলাইয়ে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের আলোচনার ভিত্তি তৈরি হবে। ‘সর্বাত্মক সংলাপ’ নামের ওই বৈঠকে কাশ্মীর, সন্ত্রাসবাদ ও বাণিজ্য প্রভৃতি অমীমাংসিত বিষয় উঠে আসতে পারে।২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ ব্যক্তি নিহত হয়েছিল। ভারত এ হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের দায়ী করে । রয়টার্স।