ক্রিকেট ক্লাসে স্টিভ ওয়াহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের পাঠকক্ষে প্রবেশ করলেন স্টিভ ওয়াহ। গ্রামীণফোন জাতীয় ক্রিকেট একাডেমির অনুশীলন ক্যাম্পের শিক্ষা কার্যক্রমের ক্লাস চলছিল মিরপুরের একাডেমি ভবনে। গত সপ্তাহের ঘটনা। না, সশরীরে আসেননি অস্ট্রেলিয়ার সাবেক তারকা অধিনায়ক। এলেন তথ্যপ্রবাহ বাহিত হয়ে। ক্রিকেটের মনোবিজ্ঞানবিষয়ক আলোচনা চলছিল। ২৪ জোড়া চোখ ঘণ্টা তিনেকের ফিল্ডিং অনুশীলনের ক্লান্তি নিয়ে চেয়ে আছে ক্রিকেটের মানসিক পাঠ নেওয়ার জন্য। বিগত মাস দেড়েক এ রকম চলছে। জোড়া জোড়া সেসব তরুণ চোখে খুবই নিকট ভবিষ্যতের বাংলাদেশ দলের স্বপ্ন-মাধুরীমাখা। আপাতত সকাল-বিকেল কঠোর শারীরিক অনুশীলনের মাঝখানে ক্রিকেটের মানসিক প্রক্রিয়ায় মন বসানোই একটা জটিল মানসিক অনুশীলন। সে কাজই ওরা করার চেষ্টা করছে। চোখগুলো ওদের হয়ে কথা বলছে। কিছু চোখে আগ্রহ, কৌতূহল, আবার কিছু চোখে বিরক্তি। খেলতে এসে তত্ত্ব্বকথা কারই বা ভালো লাগে। ব্যাটিং, বোলিং বাদ দিয়ে মন-মগজ, ব্যক্তিত্ব, আচরণ, শিক্ষণ, আবেগ, প্রেষণা, প্রত্যক্ষণ, স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি ইত্যাদি ক্যাচালে মন লাগে না। ঘন ঘন হাই ওঠে, বারবার বাথরুম পায়। তাই মন বসাতে স্টিভ ওয়াহকে আনতে হয়। বিশ্বনন্দিত তারকা আসতেই নড়েচড়ে বসে মন। আসে খানিকটা একাগ্রতা।আলোচনার প্রাসঙ্গিক বিষয় চাপমুক্তির অনুশীলন। নানা রকম মানসিক চাপ সহ্য করে এগিয়ে যেতে হয় সব খেলোয়াড়কে। সেসব মানসিক চাপের অন্যতম হচ্ছে ব্যর্থতা ও ব্যর্থতার আশঙ্কার চাপ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ, টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার জন্য এ চাপকে জয় করা অত্যন্ত জরুরি। স্টিভ ওয়াহর প্রাসঙ্গিক অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের জন্য তাঁর কয়েকটি প্রাসঙ্গিক উপদেশ নিয়েই ছিল একাডেমির ক্লাসে আমাদের সেদিনের আলোচনা। মানসিক চাপ নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে প্রয়াত বিশ্বমানের অন্যতম সেরা প্রশিক্ষক বব উলমার তাঁর ক্রিকেটের কলা ও বিজ্ঞান বইয়ে স্টিভের গল্পটি বলেছেন। বব এ প্রসঙ্গে তিনটি পৃষ্ঠা ব্যয় করেছেন।ঘটনাটি ১৯৯৬ সালের অক্টোবর মাসের। ভারতের বিরুদ্ধে দিল্লিতে টেস্ট খেলছিল অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম দিনই উইকেট স্পিন-স্বর্গ। অনিল কুম্বলের চাহিদামতো বাউন্স। অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে দুর্বিপাকে এবং স্টিভ ওয়াহ কোনো রান না করেই সাজঘরে। আর এই শূন্য রানই জন্ম দিল স্টিভের আত্মশক্তি জাগ্রত করার এক সার্থক চিন্তার ফসল। ব্যর্থতাকে তিনি সূত্র বানালেন ব্যর্থতা জয়ের। সব সফল ক্রিকেটারের মধ্যে যে চিন্তাশীলতা বেড়ে ওঠার মন্ত্র হিসেবে বিরাজ করে, স্টিভের মধ্যে তা ছিল একটু বেশি মাত্রায়। হতাশায় মুহ্যমান না হয়ে, আবার ব্যর্থ হওয়ার আশঙ্কায় না থেকে তিনি পরবর্তী করণীয় স্থির করতে সক্রিয় হলেন। তিনি তাঁর প্রথম ইনিংসের ব্যর্থতার কারণগুলোর তালিকা করলেন। দেখা গেল, বেশির ভাগ কারণগুলোই ছিল পরিহারযোগ্য। তিনি দেখলেন, ব্যাটিংয়ে যাওয়ার আগে তিনি পিচ নিয়ে দুর্ভাবনা করেছেন, ড্রেসিং রুমের কোলাহলে বিরক্ত ছিলেন, নিত্যসঙ্গী লাল রুমাল হোটেলে ফেলে আসায় মনে একটা খচখচানি ছিল এবং ব্যাটিংয়ের জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি নেননি। ফলে তিনি মাঠে নেমেছেন উত্তেজিত অবস্থায় এবং বলা বাহুল্য, অসফল হওয়ার আশঙ্কাগ্রস্ত হয়ে। ফলাফল তাই রান না করেই ফিরে আসা। আরেক ফলাফল পরের ইনিংসের জন্য সুচিন্তিত ও সচেতন প্রস্তুতি।ওই রাতে স্টিভ ওয়াহ দুজন ব্যক্তিকে ফোন করলেন। প্রথমজন তাঁর সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার আর অপরজন তাঁর স্ত্রী। একজন থেকে নিলেন কারিগরি পরামর্শ, অন্যজন দিলেন মানসিক সমর্থন। নিজের লাল রুমাল-সম্পর্কিত কুসংস্কার সম্পর্কে মনে মনে ভাবলেন, ওটা থাকলে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু ওই কাপড়ের টুকরো তো আর আমার হয়ে শটগুলো খেলে দিত না। অর্থাৎ মন থেকে সেই প্রাসঙ্গিক দুর্বলতা দূর করতে সচেষ্ট হলেন। পরের দিন ভারতীয় ইনিংসে তিনি ভারতীয় সফল ব্যাটসম্যানদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। দেখলেন কীভাবে ওরা ওই অস্বাভাবিক উইকেটে টিকে থাকছে, রান করছে। পরের ইনিংসে ওয়াহ ড্রেসিং রুমের নিরালা কোণে আত্মনিবিষ্ট হলেন, চলল তাঁর মানসিক প্রস্তুতি। ফিল্ড সাজানো দেখে, বোলিং লক্ষ করে এবং ব্যাটিং-পরিকল্পনা স্থির করে নিজের পালার জন্য অপেক্ষা করতে লাগলেন। সে পালা যখন এল, তখন ধৈর্য ও পরিকল্পিত কৌশলের মিশেলে দু-দুটো দিনের শরীর বেয়ে নেমে এল অপরাজিত ৬৭ রান। কুম্বলে সম্পর্কে তাঁর অনুধাবন ছিল, হতে পারে ওই দিন ওই পিচে সে বিশ্বসেরা বোলার, আর ওই বিশ্বসেরাকে সংযত রাখাই হবে আমার ব্যাটের কাজ, সেটাই আমার আনন্দ। মানসিক প্রস্তুতির যথার্থতা এভাবেই চ্যাম্পিয়নদের সফলতার বৃত্তে দীর্ঘদিন বিরাজ ধরায়।মানসিক প্রস্তুতির জন্য তরুণদের প্রতি স্টিভ ওয়াহর যে উপদেশগুলোকে বব উলমার গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে বলেছেন, সেগুলোর অন্যতম হচ্ছে, প্রয়োজনে নিজের দলের বৃত্তের বাইরে থেকেও সহায়তা নিতে দ্বিধা না করা। দীর্ঘদিন তোমাকে প্রত্যক্ষ করছে এমন লোক ক্রিকেট না খেলেও তোমার ক্রিকেটকে সাহায্য করতে পারে। প্রাক্তন সফলদের, অভিজ্ঞদের লেখালেখি থেকেও পেতে পারো চাপমুক্তির উপকরণ। প্রতিপক্ষকে পর্যবেক্ষণের মধ্যেও নিজেকে প্রস্তুত করার এবং উঁচুমাত্রায় নিয়ে যাওয়ার অনেক সূত্র পাওয়া যাবে। ব্যক্তিগত কুসংস্কার থাকতেই পারে, কিন্তু সেগুলো শুধু নিজেকে উজ্জীবিত করার কাজেই ব্যবহার করতে হবে। ওসব নিয়ে নেতিবাচক ভাবনা পরিহার অবশ্যই করতে হবে। নিজের অভিজ্ঞতা থেকে, সাফল্য থেকে বেছে নিতে হবে ম্যাচের আগে ও ম্যাচ চলাকালে কী কী অনুষঙ্গ তোমাকে সাফল্য দেয়। কীভাবে সময় কাটানো তোমাকে চনমনে রাখে, হতোদ্যম না করে। সর্বোপরি প্রবল প্রতিপক্ষকে মোকাবিলা করার মধ্যে আন্তরিক আনন্দ খোঁজো। বিচলিত হওয়ার পরিবর্তে এ ব্যাপারে আগ্রহ বাড়াতে হবে। এ কথা সত্য যে কাজটা বলার চেয়ে করা কঠিন। কিন্তু উল্লেখযোগ্য সাফল্যের জন্য এটাও জরুরি।ব্যর্থতার আশঙ্কার চাপকে ডিঙিয়ে সাফল্যের ধারাবাহিকতায় বসবাসের জন্য আমাদের তরুণেরা স্টিভ ওয়াহর প্রাসঙ্গিক উপদেশগুলোকে এবং ক্রিকেট-সম্পর্কিত সব মানসিক অনুশীলনকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন আশা করি। আধুনিক ক্রিকেটে মানসিক অনুশীলনের দাবি যে ক্রমেই বাড়ছে।