ক্রিকেট দলের পাকিস্তান সফরের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠানোর ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে। ক্রিকেট দলের এই সফর যেন না হয়, তার প্রতিবাদে দেশজুড়ে চলছে ক্রিকেটপ্রেমীদের মানববন্ধন। আজ মঙ্গলবার এমনই এক মানববন্ধন হয়েছে ময়মনসিংহের ত্রিশালে। ত্রিশাল প্রতিদিন পাঠক ফোরাম ও সামাজিক সংগঠন সুন্দর দিনের প্রত্যাশার (সুদিপ) আয়োজনে এবং ময়মনসিংহ সাইবার জেনারেশন ফেসবুক গ্রুপের সহযোগিতায় এ মানববন্ধন হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে।মানববন্ধনে বলা হয়, তাঁরা সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছেন। সরকারের বিরোধিতা নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরোধিতাও নয়, বিরোধী দল কিংবা অন্য কোনো পক্ষের সঙ্গে সংঘাত করতেও নয়, তাঁরা মানববন্ধনে এসেছেন ক্রিকেট দলের পাকিস্তান সফরের বিরোধিতা নিয়ে।মানববন্ধনে অংশ নেন ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজের অধ্যাপক মজিবুর রহমান, ‘ত্রিশাল প্রতিদিন’-এর সম্পাদক এস এম আলমগীর কবির, ব্যবস্থাপনা সম্পাদক রশিদুল আলম মজিব, সাংবাদিক মোহাম্মদ সেলিম, মতিউর রহমান সেলিম, ফরহাদ, প্রথম আলোর ত্রিশাল বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, দুখু চাইল্ড কেয়ারের প্রধান শিক্ষক ইমরান হাসান বুলবুল, সুদিপের সভাপতি রুকুনুজ্জামান সরকার রাহাত, সাধারণ সম্পাদক হীরা চন্দ্র আচার্য প্রমুখ।