এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান স্মাইল শো। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেছেন খন্দকার ইসমাইল। আজ এখানে গান করবেন শুভ্র দেব। কথা হলো তাঁর সঙ্গে। ‘স্মাইল শো’ অনুষ্ঠানে আজ কী থাকছে?বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি পাঁচটি গান করেছি। স্মাইল শোর আজকের অনুষ্ঠানে সব কটিই থাকছে। পাশাপাশি গানগুলো নিয়ে অলোচনাও থাকবে। ক্রিকেট নিয়ে গান তৈরির ব্যাপারে আপনার আগ্রহটা কেন তৈরি হলো?আমি বড় হয়েছি সিলেট শহরে। স্কুলে পড়ার সময় থেকে ক্রিকেট খেলতাম। বাবা আমাকে ব্যাট-বল কিনে দিয়েছিলেন। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখনই সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলার সুযোগ পাই। মনে আছে, প্রথম ম্যাচে হ্যাটট্রিকসহ ছয় উইকেট পেয়েছিলাম। তখন আমাকে স্টেডিয়াম থেকে অন্যরা কোলে করে বাসায় নিয়ে গিয়েছিল। আমার মামারাও ক্রিকেট খেলার সঙ্গে জড়িত ছিলেন। এভাবেই ক্রিকেটের সঙ্গে আমার সখ্য গড়ে ওঠে। তাই গান করার সময় এখনো ওই ক্রিকেট-প্রীতিটা দারুণ কাজ করে।আপনি তো দেখছি এখন অভিনয়ও করছেন।আমি ছোটবেলা থেকে সিলেট রেডিওতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করতাম। বড় হয়ে ঢাকায় এসে ভর্তি হই নাগরিক নাট্যসম্প্রদায়ে। দলের সর্বকনিষ্ঠ সক্রিয় সদস্য ছিলাম। এরপর বিটিভিতে প্রথম অভিনয় করি বেগম মমতাজ হোসেনের পরিচালনায় ধারাবাহিক নাটক শুকতারাতে। পরে ইমদাদুল হক মিলনের সৎ পাত্রী নামের আরেকটি নাটকে কাজ করি। এরপর দুটি টেলিছবিতেও কাজ করেছিলাম। এগুলো হচ্ছে নার্গিস আকতারের পাতাপুরীর গল্প এবং শাকুর মজিদের করিমুন্নেসা। একটি বিজ্ঞাপনেও কাজ করেছি। এরপর অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু অভিনয়টা আমার কাছে বিশেষ কিছু মনে না হওয়ার পর আর নিয়মিত হইনি।