আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ক্রিকেট রঙ্গ। নাটকটি লিখেছেন মাহাবুবুল হাসান এবং পরিচালনা করেছেন সবুর খান। এতে অভিনয় করছেন সাজু খাদেম। কথা হলো তাঁর সঙ্গে।‘ক্রিকেট রঙ্গ’ নাটকের কথা বলুন।আমরা এই নাটকের কাজ করেছিলাম দুই বছর আগে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নাটকটির প্রচার শুরু হয়। নাটকের গল্পটিকে বর্তমান সময়ের সঙ্গে মেলানোর জন্য সম্প্রতি আমরা টুকটাক কিছু কাজ করেছি। এই তো সেদিন মিরপুর স্টেডিয়ামের বাইরে এবং আশপাশের আলোকসজ্জা দেখতে গিয়েছিলাম। এখানে আমি বাড়ির জামাই। স্ত্রী আমাকে নিয়ন্ত্রণ করে। স্ত্রী খেলা দেখবে। তার জন্য টিকিট কাটতে গিয়ে প্রতারকের পাল্লায় পড়ি। ক্রিকেট নিয়ে আর কোনো নাটকে অভিনয় করছেন?হ্যাঁ, এটিএন বাংলায় আজই দেখানো হবে ধারাবাহিক নাটক নট আউট। এটি রচনা ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর। এখানে আমার কণ্ঠটি একটু অন্য রকম। নাম গলাভাঙ্গা আলমগীর। একটু ধান্ধাবাজ ধরনের। পাড়ায় বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেছি। মেয়েদের সঙ্গে নানাভাবে ভাব গড়ে তুলি। গান গাইতে পছন্দ করি। গাইতে তো পারি না, তাই মুঠোফোনে গান বাজাই, আর তার সঙ্গে ঠোঁট মেলাই।‘আয়নাঘর’ নাটকেও তো আপনি অভিনয় করছেন।এটিএন বাংলায় চান্দা মাহজাবিনের এই ধারাবাহিকটি হিন্দি সিরিয়াল ঘরানার। খুব গ্ল্যামারাস। যাঁরা ওই ধরনের সিরিয়াল পছন্দ করেন, তাঁদের কাছে ভালোই লাগবে।এখন আর কোনো ধারাবাহিকে কাজ করছেন?গত ঈদে দেশ টিভিতে দেখানো হয়েছিল নাটক যাত্রা বিরতি। এবার সেই গল্প নিয়ে ধারাবাহিক নাটক তৈরি হচ্ছে। নাম কমল বিবির অতিথিশালা এবং কানা সিরাজউদ্দৌলা। এই নাটকে কমল বিবির চরিত্রটি করছেন সুবর্ণা মুস্তাফা আর আমি সিরাজউদ্দৌলা। গল্পটি চমৎকার। এ ছাড়া মাসুম আজিজের পরিচালনায় ইহাদের কাব্য নাটকে কাজ করছি। একটি মানসিক হাসপাতালের গল্প। এখানে সবাই মানসিক রোগী; আমিই শুধু একমাত্র সুস্থ ব্যক্তি।এ মাসে নাগরিক নাট্যাঙ্গনের ‘পুশিক্যাট’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা ছিল? ৯ মার্চ হওয়ার কথা ছিল। মাঝে খুব অসুস্থ হয়ে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তাই নাটকটির প্রদর্শনী হয়নি।