ক্রিকেট বিশ্বকাপের বর্নাঢ্য উদ্বোধন
পর্দা উঠলো দশম বিশ্বকাপ ক্রিকেটের বর্ণাঢ্য আসরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সোয়া ছয়টায় স্টেডিয়ামে আসন গ্রহণ করেন। এরপরপরই ছায়ানটের শিল্পীরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।জাতীয় সঙ্গীতের পরে এবারের বিশ্বকাপের স্বাগত সঙ্গীত পরিবেশন করেন ইবরার টিপুর নেতৃত্বে বালাম, অর্ণব, মিলা, এলিটা, কনাসহ আরো অনেকে।এরপর বিশ্বকাপের ১৪ অধিনায়ক থিম সংয়ের সুরে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিক্সায় চড়ে মূল মঞ্চের দিকে আসেন। এসময় তাঁরা হাত নেড়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের অভিবাদন জানান।পরবর্তী আকর্ষণ ছিল ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সনু নিগমের ‘লেটস গো ফর গ্লোরি’ শিরোনামের পরিবেশনা । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আহম মোস্তফা কামাল, ক্রীড়াপ্রতিমন্ত্রী আহাদ আলী সরকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইসিসির সভাপতি শারদ পাওয়ারের স্বাগত বক্তব্যর পর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।