ক্রিকেট মহোৎসবের ক্ষণগণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র-গর্জনের মতো প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল নিস্তব্ধ মহানগরের। অন্ধকার আকাশ হঠাৎ আলোয় ভরে উঠল। দূরদূরান্তে পৌঁছে গেল হাজার মানুষের চিৎকার। এই আলো, এই শব্দ, এই চিৎকার শুধু ঢাকা মহানগরকেই নয়, পুরো বিশ্বকে জানিয়ে দিল শুরু হয়ে গেছে এক মহাযজ্ঞ—২০১১ ক্রিকেট বিশ্বকাপ! না, ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনো গুনে গুনে ১০০ দিন বাকি। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকা থেকে শুরু হয়ে গেল এই ১০০ দিনের ক্ষণগণনা। বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, সাবেক কয়েকজন অধিনায়ক, বিসিবি ও আইসিসি কর্মকর্তা এবং সর্বোপরি বাংলাদেশের সুহূদ সৌরভ গাঙ্গুলীকে সাক্ষী রেখে জাঁকজমকপূর্ণ এই ক্ষণগণনা শুরু করলেন ডেপুটি স্পিকার শওকত আলী। কাল দিনভর এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল মানিক মিয়া এভিনিউয়ে। অংশবিশেষে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সন্ধ্যার পর থেকেই বেষ্টনীর বাইরে ভিড় জমাতে শুরু করেছিলেন ক্রিকেট-ভক্তরা। রাত বেড়েছে আর বেড়েছে ভিড়।রাত সাড়ে ১১টার দিকে একে একে অনুষ্ঠানে আসতে শুরু করলেন অতিথিরা। অনুষ্ঠানের বড় আকর্ষণ হয়ে ভারত থেকে উড়ে এসেছিলেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সৌরভ পৌঁছাতেই দর্শকের প্রবল চিৎকার বুঝিয়ে দিল, এখনো এই বাঁহাতি ব্যাটসম্যানের জনপ্রিয়তা কিছুমাত্র কমেনি। দর্শকের আরও উল্লাস সঙ্গী করে অনুষ্ঠানে পৌঁছালেন মাশরাফি বিন মুর্তজারা। কোচিং বাহিনী নিয়ে চলে এলেন কোচ জেমি সিডন্সও। এসে গেলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাধারণ সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা এবং আইসিসির দুই কর্মকর্তা ক্যাম্পবেল জেমিসন ও কোনিকা ভেগাস।এর পরই অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। সব আলো নিভে গেল মানিক মিয়া এভিনিউয়ে। একে একে স্বাগত বক্তব্য দিলেন স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল। বোর্ড সভাপতি তাঁর বক্তব্যে বিশ্বকাপ আয়োজন সফল করার জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চাইলেন, ‘বিশ্বকাপের মতো একটি বিশাল আয়োজন বিসিবির একার পক্ষে সফল করা সম্ভব নয়। আমি এই সুযোগে পুরো জাতির কাছে এই আয়োজনকে সফল করার জন্য আবেদন জানাচ্ছি।’ সংক্ষিপ্ত বক্তব্য পর্বের পরই সেই মাহেন্দ্রক্ষণ—জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী সুইচ টিপে চালু করে দিলেন যন্ত্র। শুরু হয়ে গেল ১৭ ফেব্রুয়ারি, ২০১১-এর দিকে পথচলা। ঢাকার তিনটি জায়গায় একই সঙ্গে বিশেষ ঘড়িতে শুরু হয়ে গেছে এই ক্ষণগণনা। এই কাউন্টডাউন যন্ত্রগুলো যে মুহূর্তে শূন্যে পৌঁছাবে, সেদিনই শুরু মহোৎসব—ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের যাত্রা। নেপথ্যে ক্ষণগণনার ঘড়িকে রেখেই আবার মঞ্চে উঠলেন দুই ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী ও মাশরাফি বিন মুর্তজা। তিন দেশের এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য শুভেচ্ছাবাণী জানিয়ে গেলেন সৌরভ, ‘গত বিশ্বকাপে ভারতকে বাংলাদেশ হারিয়েছিল। সেই জয়ের নায়ক মাশরাফি আপনাদের সামনে দাঁড়িয়ে। গত বিশ্বকাপ অতীত হয়ে গেছে। আমরা আরেকটি বিশ্বকাপের পথে চলছি। সেই বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলেই আমার বিশ্বাস। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ যোগ্যতার প্রমাণ দিয়েছে।’বাংলাদেশের ওপর যে সৌরভ অযথা বাজি ধরছেন না, সেটা বোঝা গেল মাশরাফির কথাতেই, ‘আমরা ভালো খেলার প্রতিশ্রুতি দিচ্ছি। সমর্থকেরা মাঠে এসে আমাদের উৎসাহ দিলে আমরা বাংলাদেশকে ভালো একটা বিশ্বকাপ উপহার দেব।’এই কথা রাখতে পারলে তো সবকিছু সার্থক হয়ে যায়!