ক্রিকেট মাঠে এবার তারকারা
চার দেশের তারকা শিল্পীদের নিয়ে আগামী অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্ট। এর নাম দেওয়া হয়েছে ‘লাভ অব ক্রিকেট টি-২০।’ বাংলাদেশের বিনোদন জগতের তারকা শিল্পীরা এবার অভিনয়ের পাশাপাশি ক্রিকেট মাঠ মাতাতে আসবেন। শুধু বাংলাদেশ নয়; ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিনোদন জগতের তারকারাও এ খেলায় অংশ নেবেন। বাংলাদেশের তারকাদের নিয়ে গঠিত দলের নাম ভাসাভি সেলিব্রেটি ক্রিকেট ক্লাব (ভিসিসিসি)। ভাসাভি সেলিব্রেটি ক্রিকেট ক্লাব দলের নাম ঘোষণা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশের তারকার শিল্পীদের উপস্থিতিতে ভাসাভি ক্রিকেট ক্লাব দলের নাম ঘোষণা করেন দলটির ম্যানেজার নাদের চৌধুরী। সংবাদ সম্মেলনে ভাসাভির চেয়ারম্যান কামাল জামান বলেন, ‘বিশ্ব এখন ক্রিকেট জ্বরে কাঁপছে। ভারতের চলচ্চিত্র তারকারা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে ক্রিকেট খেলা নিয়ে দর্শকদের মধ্যে নতুন উন্মাদনার সৃষ্টি হয়েছে। আমাদের দেশের তারকা শিল্পীদের মধ্যেও পেশাগত কাজের ফাঁকে ভিন্ন ধরনের বিনোদনের আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। মূলত এই ভাবনা থেকেই ভিসিসিসি ক্রিকেট দলটির আত্মপ্রকাশ।’ ভাসাভি ক্রিকেট ক্লাব দলের অধিনায়ক হচ্ছেন মডেল ও অভিনেতা নোবেল। তিনি বলেন, ‘আমরা যখন খেলব, মনোযোগ দিয়েই খেলব। ভারতের সেলিব্রেটিরা অনেক মেধাবী। ওরা ভালো খেলে। ওদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে।’ লাভ অব ক্রিকেট টি-২০ টুর্নামেন্টে ভিসিসিসি দলের খেলোয়াড়েরা হলেন—নোবেল, শাকিব খান, রুবেল, আরফিন রুমি, আনিসুর রহমান মিলন, শুভ্রদেব, রিয়াজ, ফেরদৌস, আমিন খান, ইমন, নিরব, সম্রাট, আলেকজান্ডার বো, মীর সাব্বির, মনির খান শিমুল, আসিফ আকবর, এসডি রুবেল, নিশো, আলিফ, তাহসান, সাঈদ বাবু, অপূর্ব, জায়েদ খান, আরমান পারভেজ মুরাদ, দেবাশীষ বিশ্বাস, তানভীর ও নঈম ইমতিয়াজ নেয়ামুল। ভিসিসিসি দলের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক কোচ ওসমান খান এবং ম্যানেজার নাদের চৌধুরী। খেলার সময় মাঠে উপস্থিত থেকে তারকা খেলোয়াড়দের উত্সাহ জানাবেন মোনালিসা, নিপুন, ফারহানা নিশো, নওশিন, রুহি, মিমো, আঁখি আলমগীরসহ অনেকেই।