ক্রিকেট মাঠেঅনাকাঙ্ক্ষিত বিরতি
ভারত-ইংল্যান্ড আহমেদাবাদ টেস্ট চলার সময় মাঠে ঢুকে পড়েছিল এক হনুমান। প্রাণীটির কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলা। গত মাসে ঘটে যাওয়া এই ঘটনা অবশ্য ক্রিকেটে নতুন কিছু নয়। মৌমাছি, শূকরছানা, এমনকি শজারুরও মাঠে ঢুকে পড়ার কারণে খেলা বন্ধ হওয়ার নজির আছে ২০০৭ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। হঠাৎ করেই মাঠে ঢুকে পড়ে একপাল মৌমাছি। অন্য সবাই তো যেমন-তেমন, বাঁহাতি স্পিনার মন্টি পানেসার ভীষণই সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর অবশ্য মৌমাছির দল বুঝতে পারে, এ জায়গায় মধু খোঁজাটাই সার। মাঠ থেকে চলে যায় তারা, হাঁফ ছেড়ে বাঁচেন ফিল্ডাররা। ২০০৮ সালে ভারত-অস্ট্রেলিয়া দিল্লি টেস্টেও ঘটেছিল এমন ঘটনা। ১৯৮২-৮৩ ক্রিকেট মৌসুমে, অ্যাশেজের সিডনি টেস্টে এক রসিক অস্ট্রেলিয়ান সমর্থক মাঠে ছেড়ে দিয়েছিলেন এক শূকরছানা। তার পিঠের একদিকে আবার লেখা ছিল ‘বোথাম’, অন্যদিকে লেখা ছিল ‘এডি’। ইয়ান বোথাম, এডি হেমিংসরা তখন মাঠে, খানিকটা হলেও নিশ্চয় ঘাবড়ে গিয়েছিলেন! মৌমাছি, শূকরছানার মতো শজারুরও মাঠে ঢুকে খেলা থামিয়ে দেওয়ার দৃষ্টান্ত আছে। ১৯৫৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ার-গ্লস্টারশায়ার ম্যাচের ঘটনা। খেলোয়াড়েরা হইহল্লা করে মাঠে ঢুকে পড়া শজারুকে মাঠের বাইরে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হলেন। শেষমেশ উইকেটকিপারেই মুশকিল আসান। গ্লাভস থাকায় অনায়াসেই কাঁটার আঘাত এড়িয়ে শজারুকে তিনি পার করে দিলেন মাঠের বাইরে। সমর্থকদের খামখেয়ালিতেও কিন্তু খেলার বারোটা বেজে যেতে পারে। দাঙ্গা-হাঙ্গামায় খেলা পণ্ড হওয়ার ঘটনা কম নয়। ২০০১ সালে ট্রেন্টব্রিজে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে পাকিস্তানি সমর্থকেরা মাঠে ছুড়েছিল আতশবাজি। আর এই কারণে মিনিট বিশেক বন্ধ ছিল খেলা। জর্জ ডেভিস ছিলেন দুর্ধর্ষ ডাকাত। তাঁর কিছু অনুসারীর তাণ্ডবে একবার তো গোটা টেস্ট ম্যাচই ভণ্ডুল হয়ে গিয়েছিল। ১৯৭৫ সালে সেই উন্মত্ত অনুসারীরা হেডিংলির পিচে গর্ত খুঁড়ে এবং পিচের ওপর তেল ঢেলে দেয়। পরদিন সকালে গ্রাউন্ডম্যান এসে দেখেন সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ম্যাচটা ড্র হয়ে যাওয়ায় ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধার করার স্বপ্নও ধূলিসাৎ হয়ে যায়। বৃষ্টি যে ক্রিকেট খেলার সবচেয়ে বড় শত্রু, সেটা কে না জানে। কখনো কখনো সূর্যও কিন্তু উটকো বিপদ ডেকে আনে। ২০০৭ সালের ১ জুন ইয়র্কশায়ার ও ডার্বিশায়ারের ম্যাচের ঘটনা। প্রখর সূর্যালোক ব্যাটসম্যানদের চোখ এতটাই ধাঁধিয়ে দিয়েছিল, বলটাই দেখতে পাচ্ছিলেন না তাঁরা। শেষমেশ খেলাটাও বন্ধ রাখতে হলো পাক্কা ৫৫ মিনিটের জন্য। শুধু এই ম্যাচেই নয়, আরও বেশ কয়েকটি ম্যাচেও একই ঘটনা ঘটেছিল। আরও একবার ডার্বিশায়ার। ১৯৭৫ সালের ২ জুন ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ম্যাচ হওয়ার কথা ছিল তাদের। আচমকা শুরু হওয়া তুষারঝড়ের পর একটা বরফখণ্ড এসে পড়ে মাঠে। নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচ।