ক্রিকেট সার্কাসের দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার পাতায় কী যাবে না-যাবে প্রায় চূড়ান্ত, সেই সময়ই এল খবরটা। অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইউসুফ!সংবাদ সংস্থা থেকে পাওয়া খবরটা প্রথম আলোর ক্রীড়া বিভাগে চাউর হতেই এক সহকর্মী জিজ্ঞেস করলেন, ‘কদিনের জন্য?’প্রশ্নের কারণ জিজ্ঞাসা করতে হলো না। সেই সহকর্মীই ব্যাখ্যা করলেন, ‘দেখবেন, দু দিন পর পিসিবি ইউসুফের ওপর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞাটা তুলে নেবে। আবারও ক্রিকেটে ফিরবেন ইউসুফ।’ফিরতে যে পারেন, ঘটা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার দু দিন পর থেকেই সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাকিস্তানের পত্রপত্রিকার যা খবর, তাতে মোহাম্মদ ইউসুফ নাকি তাঁর অবসর ঘোষণায় ‘আমি এখনকার মতো বিদায় নিলাম’ বলে একটা ফাঁক রেখে দিয়েছেন। পিসিবিও কিছুটা নমনীয় হয়েছে। তাঁর ওপর থেকে ‘অনির্দিষ্টকালের’ নিষেধাজ্ঞা বেশি দিন স্থায়ী হবে না বলে আভাস পাওয়া যাচ্ছে। আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডে ছয়টি টেস্ট খেলবে পাকিস্তান। দুটি অস্ট্রেলিয়া আর চারটি ইংল্যান্ডের বিপক্ষে। ওই ৬ টেস্টে ইউসুফ পাকিস্তান দলের পরিকল্পনায় আছেন বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাচক মহসিন খান।মানেটা তাহলে কী দাঁড়াচ্ছে? ওই সহকর্মীই ব্যাখ্যা দিলেন, ‘পাকিস্তানের ক্রিকেট একটা সার্কাসের মতো। সেখানে মানে খুঁজতে যাওয়াটাই বোকামি!’সার্কাস! মনে পড়ে গেল ইমরান খানের কথা। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাঝেমধ্যেই একটা কথা বলেন। যখন বিনোদনের দরকার হয়, তখন তিনি তাকিয়ে দেখেন পিসিবির কার্যক্রমের দিকে।বিনোদন তো হয় সার্কাসেই! যা অন্য কোথাও হয় না, তা হয় পাকিস্তান ক্রিকেটে।ইউসুফের ব্যাপারটাই দেখুন। দু-দুবার আইসিএলে নাম লিখিয়েছেন। দুবারই হয়েছেন বহিষ্কৃত। তবু দ্বিতীয় দফায় জাতীয় দলে ফেরার পরই অস্ট্রেলিয়া সফরে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্ব! ইউসুফের নেতৃত্ব পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না। যে বড় মাপের ব্যাটসম্যান, তাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে এমন কাউকে খুঁজতে গেলে ইউসুফই যোগ্যতম। তাঁর ওপরই যদি আস্থা রেখে নেতৃত্ব তুলে দেওয়া হলো, মাত্র দুটো সিরিজ শেষেই কেন তাঁকে ছুড়ে ফেলা হলো আঁস্তাকুড়ে?‘কেন’র উত্তর নেই পাকিস্তান ক্রিকেটে! নামটা ঠিক মনে আসছে না, তবে এটিও পাকিস্তানের আরেক সাবেক অধিনায়কের কথা।২০০৬ সালে মাদক নিয়ে ধরা পড়লেন দুই ফাস্ট বোলার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ! পাকিস্তান ক্রিকেটের ‘ইজ্জত’ ধুলোয় মিশিয়ে দেওয়ার কারণে ‘তাত্ক্ষণিকভাবে’ শোয়েব ও আসিফকে নিষিদ্ধ করা হলো যথাক্রমে দুই ও এক বছরের জন্য। প্রধান দুই স্ট্রাইক বোলারবিহীন দলের দুর্বল বোলিং আক্রমণের কথা চিন্তা করে তাঁদের আপিলের সুযোগ দিয়ে গঠন করা হলো বিশেষ ট্রাইব্যুনাল। তুলে নেওয়া হলো শাস্তি। এখানে পুরোনো কাসুন্দি নতুন করে ঘাঁটার কারণ—পিসিবির খামখেয়ালিপনার একটা নমুনা তুলে ধরা। এই খামখেয়ালিপনার ফলও ভোগ করতে হয়েছে তাদের। ২০০৮ আইপিএল শেষ করে দেশে ফেরার পথে মাদকসহ দুবাই বিমানবন্দরে ধরা পড়লেন মোহাম্মদ আসিফ। এর কদিন পরই পাকিস্তানি ওই ফাস্ট বোলারের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর দিয়েছে আইপিএল!আসিফের ব্যাপারে পিসিবি প্রথমে কঠোর হলেই হয়তো এমন হতো না ! দুবাইয়ে মাদক নিয়ে আসিফের ধরা পড়া এবং আইপিএলের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর এই হাপিত্যেশও শোনা গেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মুখে। তাঁদের প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে বোর্ড-কর্তাদের; যেমনটা বিদ্ধ হয়েছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ড্রেসিংরুমে শোয়েবের হাতে আসিফ প্রহূত হওয়ার পর। নানা অনিয়ম করে পার পেয়ে যাওয়াতেই তো শোয়েব আখতার ‘আমি যা ইচ্ছে করতে পারি’ ঔদ্ধত্যের বলি হলেন।পাকিস্তানের ক্রিকেটকে বোঝার জন্য দূর অতীতে ফিরে না গেলেও চলে। এই তো মাস কয়েক আগে ইউনুস খান অভিযোগ করলেন, মাঠে সব সতীর্থের সমর্থন পাচ্ছেন না, কেউ কেউ তাঁকে অসহযোগিতা করছেন। ব্যাপারটা গোচরে আনার পরও বোর্ড গা না করায় স্বেচ্ছায় নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। কারা তাঁকে সহযোগিতা করছেন না, কেনই বা করছেন না—সে বিষয়টি গুরুত্ব না দিয়েই নেতৃত্ব তুলে দেওয়া হলো ইউসুফের হাতে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের পর ইউনুসের অভিযোগেরই পুনরাবৃত্তি করলেন নতুন অধিনায়ক ইউসুফ। আর পিসিবির কর্মকর্তারা যখন বুঝতে পারলেন ‘সামথিং রং’, দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোমর বেঁধে নামলেন। তাঁরা দলে বিভক্তি আর দলাদলি এতটাই বিস্তৃত দেখলেন যে, ‘ঠক বাছতে’ গিয়ে ‘গাঁ উজাড়’ করে দিয়েই একসঙ্গে শাস্তি দিলেন সাত ক্রিকেটারকে (ইউসুফ-ইউনুস অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ, এক বছরের জন্য শোয়েব মালিক ও রানা নাভেদ। আফ্রিদি ও কামরান আকমলের জরিমানা ৩০ লাখ রুপি, উমর আকমলের ২০ লাখ)। আফ্রিদির শাস্তিটা নাকি বল টেম্পারিংয়ের জন্য। খোদ পাকিস্তানেই বিশ্বাস হয়নি কথাটা। যে অপরাধের জন্য আইসিসি তাঁকে শাস্তি দিয়েছে (দুই ম্যাচের নিষেধাজ্ঞা), সেই একই অপরাধের জন্য কেন তাঁকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! অনেকের তাই ধারণা, বল টেম্পারিং আসল কারণ নয়, এটা দলাদলিরই শাস্তি। কিন্তু আফ্রিদিকে বাদ দিলে দলে কিছু থাকে না বলেই জরিমানার আড়ালে তাঁকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হয়েছে।গত এক দশকে পাকিস্তান ক্রিকেটে কোচ বদল হয়েছে ১৫ বার, অধিনায়ক তিন মাসে চারবার। পাকিস্তান ক্রিকেটের অপর নাম কেন সার্কাস, সেটা তো এ থেকেই পরিষ্কার। ইমরান খান কেন, যে কেউই এ থেকে বিনোদন পেতে পারেন। তবে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে অকালেই ক্রিকেট থেকে হারিয়ে ফেলার মধ্যে বিনোদন খুঁজতে ইমরান খানও কষ্ট পাবেন সন্দেহ নেই। আর ইউসুফ যদি আবার ফিরেও আসেন, সেটা শুধু ইমরান খানেই সীমাবদ্ধ না থেকে হয়ে যাবে সর্বজনীন বিনোদন। শাহরিয়ার ফিরোজ