ক্রিকেটকে বিদায় জানিয়ে ফেললেন বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কাছে হার মানলেন শেন বন্ড। পাঁচ মাসের কম সময় হলো টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা ফাস্ট বোলার। লক্ষ্য ছিল, ইনজুরি বাঁচিয়ে এক দিনের ক্রিকেট চালিয়ে যাওয়া। কিন্তু এক দিনের ক্রিকেটও ধরে রাখতে পারলেন না। ইনজুরির কাছে হেরে শেষ পর্যন্ত আজ শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরই নিয়ে ফেললেন বন্ড। ওয়েস্ট ইন্ডিজে চলতি টি-টোয়েটি বিশ্বকাপ থেকে দেশে ফিরে সাংবাদিকদের বন্ড বলেন, ‘ক্রিকেট থেকে বিদায় নেওয়ার এখনই আমার উপযুক্ত সময়। নিউজিল্যান্ডের হয়ে খেলতে সর্বোচ্চ চেষ্টা করেছি আমি।’নিউজিল্যান্ডের হয়ে খেলার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বন্ড বলেন, ‘সেই ছয় বছর বয়স থেকে আমি স্বপ্ন দেখতাম দেশের হয়ে খেলব। সে স্বপ্ন পূরণ হওয়ায় আমি গর্ববোধ করি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমার হাজারও স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু ক্রিকেটকে বিদায় জানানো ছাড়া আমার কিছু করার ছিল না।’ ২০০২ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল বন্ডের। আর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তারও এক বছর আগে, ২০০১ সালে। বন্ডের আবির্ভাবের মাধ্যমে নিউজিল্যান্ড ক্রিকেটের ফাস্ট বোলিংয়ে নতুন অধ্যায় সূচিত হয়। অল্প কয়েক দিনের মধ্যেই বিশ্বের অন্যতম দ্রুততম বোলারের স্বীকৃতি পেয়ে যান তিনি। তাঁর গতির কাছে হার মানেনি এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই গতিই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় বন্ডের জন্য। একের পর এক ইনজুরি বাঁধিয়ে ক্যারিয়ারের দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। গত ডিসেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন। ইনজুরির সঙ্গে লড়াইয়ের পরও প্রাপ্তির খাতায় একেবারে কম নেই বন্ডের। ওয়ানডে ক্রিকেটে ৮২ ম্যাচে শিকার করেছেন ১৪৭ উইকেট। আর টেস্টে ১৮ ম্যাচে ৮৭ উইকেট।বন্ডের ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণার প্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডের অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার অনেক ক্ষতি হয়ে গেল। সামনের দিনগুলোতে তাঁকে আমাদের প্রয়োজন ছিল।’ এর পরই বন্ডের প্রতি সহমর্মিতা জানিয়ে ভেট্টোরি যোগ করেন, ‘বন্ড ক্রিকেটে কতটা শ্রম দিয়েছেন তা আমাদের সবার জানা। আসলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জন্য কঠিন খবর হলেও সত্যি, ইনজুরির কারণে এখানেই ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে বন্ডকে। তাঁর গতি সব সময় মিস করব আমরা।’