ক্রিকেটানন্দের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথার্থ সময়েই পাঠকদের হাতে হাতে শচীন টেন্ডুলকারের পোস্টারটি পৌঁছে দিয়েছিল প্রথম আলো। একটি আগাম আনন্দ সংবাদই যেন জানান দিয়ে গিয়েছিল পোস্টারটি। বেঙ্গালুরুর ম্যাচটিতে তিনি যে যাচ্ছিলেন সের্গেই বুবকার মতো আবারও নিজেকে অতিক্রম করতে। ওয়ানডেতে শতকের সংখ্যা অর্ধশতকের নিকটতর ধরলেন আর বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত সেঞ্চুরিকারদের তালিকা থেকে বিচ্ছিন্ন হয়ে এককভাবে এগিয়ে গেলেন। শুধু এগুলো নয়, এমনভাবে রোববার সেঞ্চুরিটা করলেন, যা আভাস দিয়ে গেল এবারের বিশ্বকাপেই সংখ্যাটি অর্ধডজন পেরিয়ে যাবে। তাঁর ব্যাটের অনেক অনেক রেকর্ড মহিমার মতো বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত শতরান স্পর্শ করাও হবে মহা-মহাতারকাদের ইপ্সিত লক্ষ্যস্থল বহুদিন ধরে। বিশ্বকাপে তাঁর পঞ্চম শতক প্রেক্ষাপট রচনা করল প্রতিযোগিতাটির ইতিহাসের অন্যতম রোমাঞ্চঘন লড়াইয়ের, যার তৃপ্তিদায়ক পরিসমাপ্তি, ইংলিশ অধিনায়ক ম্যাচ-সেরা অ্যান্ড্রু স্ট্রাউসের ভাষায় দুঃখ-সুখের মেলবন্ধনে। প্রকৃত অর্থেই ক্রিকেট উপভোগের চর্ব্য, চোষ্য, লেহ্য, পেয়র সম্ভার নিয়ে উপস্থিত হয়েছিল ভারত-ইংল্যান্ডের এই ম্যাচ। টেন্ডুলকারের ১১৫ বলে ১২০-এর পর স্ট্রাউসের ১৪৫ বলে ১৫৮ রানের ইনিংস দুটোর সময়জুড়ে যে দর্শনানন্দ, যে সম্ভাব্য নাটকীয়তার চড়াই-উতরাই তা দর্শকমাত্রেরই স্মৃতি কাঁপাবে বহুকাল। এত বড় একটা কীর্তি মহিমান্বিত করেছে ক্রিকেটের চূড়া থেকে চূড়ায় যাওয়ার চিরন্তনী চারিত্রিক আমন্ত্রণ। স্ট্রাউস সে আমন্ত্রণে সাড়া দিয়ে গৌরবময় অনিশ্চয়তার নান্দনিক মাত্রাকে আরেকটু ওপরে তুলে ধরলেন। এদিনের টেন্ডুলকার, এদিনের স্ট্রাউস, ভারতের নন, ইংল্যান্ডের নন, বিশ্ব ক্রিকেটের আদরের ধন। এসব মহানায়কের ব্যাট দোহিত অমৃত পান করতেই তো হাজার কষ্ট অগ্রাহ্য করে মাঠ ভরে ওঠে দর্শকের ভারে। বাংলাদেশের ক্রিকেট-সমাজের পক্ষ থেকে অমরত্বে উত্তরিত শচীন টেন্ডুলকারকে আর রোববারের বীরশ্রেষ্ঠ অ্যান্ড্রু স্ট্রাউসকে অভিনন্দন-অভিবাদন।ম্যাচ শেষে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেনই ম্যাচ-সেরা স্ট্রাউসকে শুধু শুধুই শুধালেন টেন্ডুলকারকে ছাড়িয়ে ম্যাচ-সেরা হতে কেমন লাগছে? টেন্ডুলকারের সঙ্গে প্রতি-তুলনায় বিব্রত স্ট্রাউস বিনয়ের সঙ্গে সে প্রশ্ন এড়িয়ে জবাব দিয়েছেন, ‘আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’ স্ট্রাউস ভালোই জানেন, সেদিন তিনি চোখের সামনে গাভাস্কার-ভিভ রিচার্ডস মিশেলের পরিপূর্ণতায় দীপ্ত শচীনীয় ব্যাটিং দেখতে দেখতেই পাঠ নিয়েছেন ওই উইকেটে ব্যাটিংয়ের। তার পরই বেরিয়ে এসেছে এক জমজমাট নাটকের জন্ম দেওয়া বিশ্ব কাঁপানো দেড় শতাধিক রানের ইনিংস।আর সারা ক্রিকেট-বিশ্ব একই সঙ্গে টেন্ডুলকার ও স্ট্রাউসের ব্যাটিংয়ে দেখে পিকাসোর চিত্রকলা ও হেনরি মুরের ভাস্কর্যের যুগল প্রদর্শনী।