ক্রিকেটার আজম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালের কথা। আমি তখন পেস বোলার হিসেবে গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবে খেলি। আমাদের প্র্যাকটিস হতো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে। একদিন দেখলাম বেশ লম্বা একজন লোক এক প্রান্তে একা স্ট্রেচিং করছেন। খেয়াল করে দেখলাম, পপসম্রাট আজম খান। বিশ্বাস হচ্ছিল না। গানের জগতে উনিই যে আমাদের হিরো!আমাকে আরও অবাক করে দিয়ে আজম ভাই নেটে এলেন, আমার পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করলেন, একটা বলও এদিক-সেদিক না করে গুড লেংথে ফেললেন সবই। সেই থেকেই আজম ভাইয়ের সঙ্গে আমার পরিচয়, ঘনিষ্ঠতা।টেপ টেনিস টুর্নামেন্টে অংশ নেওয়ার নেশা ছিল আজম ভাইয়ের। প্রায় সব খেলাতেই আমাকে নিতেন। আজম ভাই প্রথম বিভাগ ক্রিকেটে খেলেন ১৯৯৮ সালে। প্রথম খেলা ছিল যাত্রাবাড়ীর বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কীভাবে ৫২ বছর বয়সেও নিজেকে একজন ভালো ক্রিকেটার হিসেবে পরিচিত করানো যায় সেটা নিয়ে খেলার আগের দিন কত যে চিন্তা আজম ভাইয়ের! ওই ম্যাচে আজম ভাই অপরাজিত ১৬ রান করলেন, বাউন্ডারি দুটো। আর বল হাতে যাত্রাবাড়ীর এক মিডল অর্ডার ব্যাটসম্যানকে বোল্ড করলেন, আরেকজনকে ফেললেন এলবিডব্লুর ফাঁদে। ওই ম্যাচ দিয়েই আজম ভাই হয়ে গেলেন সিসিডিএমের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। এটা সম্ভবত একটা রেকর্ডই, যা কেউ ভাঙতে পারেননি।জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আমার ঘনিষ্ঠ বন্ধু, শৈশব থেকেই আমরা একে অপরের সুখ-দুঃখের সাথি। স্বাভাবিকভাবেই আশরাফুলের সঙ্গেও অচিরেই আজম ভাইয়ের ঘনিষ্ঠতা হয়ে গেল। আজম ভাইয়ের সঙ্গে প্রায়ই আমাদের আড্ডা হতো। আশরাফুল যখন কোনো আন্তর্জাতিক ম্যাচে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে আউট হতো উনি বলতেন, ‘কী মিয়া, খোঁচা মারো কেন; আমি এই ৫২ বছর বয়সে ঢাকা স্টেডিয়ামে চার মারছি; আর তুমি হইলা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান! আমার খাটের নিচে স্প্রিং আছে। তোমারে দিমুনে, ব্যাটিং করার সময় শরীরে বাইন্ধা নিয়ো, ব্যাট স্টাম্পের বাইরে গেলেও ভেতরে চইলা আইব, আউট হইবা না।’ মাঝে মাঝে অদ্ভুত একটা আফসোসও করতেন আজম ভাই—‘ইস একটা বিশ্বকাপ যদি খেলতে পারতাম!’জাতীয় ক্রিকেট দলের অনেকের সঙ্গেই হূদ্যতা ছিল আজম ভাইয়ের। বাংলাদেশ ক্রিকেট দল যেদিন খারাপ করত সেদিন তাঁর মন থাকত উদাস। একাত্তরের দুর্ধর্ষ গেরিলা আজম খান সংগীতকে নিয়েছিলেন একটা যুদ্ধ হিসেবে। ক্রিকেটকেও নিয়েছিলেন অনেকটা সেভাবেই। ৫২ বছর বয়সে ক্রিকেট খেলার সাহস দেখিয়েছেন, যুদ্ধই তো! ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে তাঁর এ রকম আরও অনেক স্মৃতি। আজম ভাই আর নেই, চলে গেছেন না-ফেরার দেশে। ওই পারে ভালো থাকুন—আজম ভাই, আপনাকে সালাম।লেখক: সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার।