ক্রিকেটারদের বাসে ঢিল
এখন মোবাইল থেকেই ইন্টারনেটে যাওয়া যায়। মনের অবস্থা জানাতে তাই দেরি করলেন না ক্রিস গেইল। স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ দলের বাসের ওপর ঢিল পড়ল। আতঙ্কিত ক্রিস গেইল সঙ্গে সঙ্গে টুইটারে দিয়ে দিলেন তাঁর অভিজ্ঞতার কথা।বাংলাদেশের লজ্জাজনক পরাজয়ের পর কাল একটু দেরি করেই দুই দলের দুই বাস একসঙ্গে মাঠ থেকে হোটেলের উদ্দেশে রওনা দেয়। তৃতীয় আরেকটা বাসে ছিলেন ম্যাচ অফিশিয়াল এবং আইসিসির লোকজন। স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিক্ষুব্ধ সমর্থকেরা বাংলাদেশ ক্রিকেটারদের উদ্দেশে স্লোগান দিচ্ছিল, ‘ভুয়া ভুয়া...জুতা মারো তালে তালে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল স্টেডিয়ামের প্রবেশদ্বারে। হোটেলে যাওয়ার পথেও ছিল বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী। নিরাপত্তার কথা ভেবে কাজীপাড়া-বিজয় সরণির রুট এড়িয়ে বাস যায় সেনানিবাসের ভেতর দিয়ে।তার পরও শেষ রক্ষা হয়নি। মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে কচুক্ষেতের দিকে যাওয়ার পথে উত্তেজিত সমর্থকেরা ঢিল ছোড়ে বাসে। কিন্তু রাতের অন্ধকারে বিভ্রান্ত সমর্থকেরা বাংলাদেশ দলের বাস মনে করে ঢিল মেরে বসে ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে। এতে কেউ আঘাত না পেলেও ভেঙে যায় বাসের জানালার কাচ। আতঙ্কিত হয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জানিয়েছেন, এ ঘটনায় কেউ আহত হননি। ওয়েস্ট ইন্ডিজ দলের বাস নিরাপদেই পৌঁছেছে হোটেলে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করেছে ২৮ জনকে।ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে ঢিল পড়লেও বাংলাদেশ দল হোটেলে ফিরেছে নিরাপদেই। তবে রাস্তার পাশে দাঁড়ানো মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদেরও।বাসে ঢিল ছোড়ার খবর শুনে বিসিবির সভাপতি আ হ ম মোস্তফা কামালসহ বিসিবি এবং বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) সদস্যরা ছুটে গেছেন হোটেল শেরাটনে। ঘটনার জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে দুঃখ প্রকাশ করে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন সবাই। হোটেল থেকেই টেলিফোনে এলওসির টুর্নামেন্ট পরিচালক আলী আহসান জানিয়েছেন, ‘সম্ভবত বাংলাদেশ দলের বাস মনে করেই কেউ ভুলে ওয়েস্ট ইন্ডিজের বাসে দু-একটা ঢিল মেরেছে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’ তিনি জানিয়েছেন, ঘটনা সম্পর্কে বাংলাদেশে অবস্থানরত আইসিসির নিরাপত্তা কমিটির সদস্যরা একটি রিপোর্ট দেবেন আইসিসিকে। কালকের ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা কঠোর করতে বলা হয়েছে চট্টগ্রামেও। ইংল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে আজ সন্ধ্যায়ই বাংলাদেশ দলের চট্টগ্রামে যাওয়ার কথা।ওদিকে ঢিল মারার ঘটনা ঘটেছে মাগুরায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতেও। আমাদের মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, ঢিলের আঘাতে ওই বাড়ির জানালার কাচ ভেঙে গেছে।