ক্রিকেটারদের ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিশ্বকাপ ক্রিকেটে খেলোয়াড়দের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। একই সঙ্গে দলের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।আজ সোমবার সকালে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, এবারের বিশ্বকাপে ছয়টি ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ তিনটিতে জয়ী ও তিনটিতে পরাজিত হয়েছে। তিন ম্যাচে জয়ী হওয়ায় দেশবাসী আনন্দিত ও গর্বিত। তবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার স্কোর দেখে মনে হয়েছে, খেলার মান উত্তরণের জন্য নিরলস পরিশ্রম করতে হবে। খেলোয়াড়দের উন্নত মানের প্রশিক্ষণ দিতে হবে। খেলোয়াড়দের নির্বাচন ও ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেওয়ার আবশ্যকতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, এবারের বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ সরকারের ব্যয় হয়েছে ৪৭৬ কোটি ৮৩ লাখ টাকা। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ এককভাবে আয়োজন করবে বলেও তিনি সাংবাদিকদের জানান।