ক্রিকেটে আগামী দশক বাংলাদেশের: আলী যাকের
মাঠে বসে অনেক বছর খেলা দেখা হয় না। অবশ্য মাঠে বসে আরাম করে খেলা দেখব সে চেষ্টাও যে করেছি, তা কিন্তু নয়। শুনলাম আজকের খেলার টিকিটের জন্য চারদিকে হাহাকার। অনেক বছর যাবত্ পরিবারের সব সদস্য মিলে আমরা বাসাতেই খেলা দেখি। আমাদের বাসার সবাই খেলাপাগল। তাই খেলা চলাকালীন বাসার মধ্যেই অন্য রকম একটা পরিবেশ তৈরি হয়। বাংলাদেশ দলকে নিয়ে তো আসলে প্রত্যাশার শেষ নেই। যেদিন থেকে বাংলাদেশ দল খেলছে সেদিন থেকে মনে হয়েছে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কিন্তু ভাবলেই তো আর সবকিছু হয় না। বাংলাদেশ দলকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলের বিপক্ষে জায়ান্ট হিসেবে অভিভূত হতে দেখছি। আমরা দেখেছি অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজসহ বিভিন্ন দলকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু এর কোনো ধারাবাহিকতা ছিল না। এশিয়া কাপের গত তিনটি ম্যাচ দেখে আমার মনে হয়েছে বাংলাদেশ ধারাবাহিকতায় ফিরেছে। আমার এক তরুণ বন্ধু দিল্লি থেকে লিখেছে, গত কয়েকটি খেলায় যে ধারাবাহিকতা বাংলাদেশ দল দেখিয়েছে তাতে মনে হয়েছে ক্রিকেটে আগামী দশকটা বাংলাদেশের জন্য হয়ে থাকবে।বাংলাদেশের দলের গুণগত অনেক ক্ষেত্রেও উন্নয়ন হয়েছে। আগের খেলাগুলো দেখে আমার মনে হয়েছে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ দলের টেমপারমেন্ট খুব কম ছিল। সে জায়গাটা বাংলাদেশ এখন উতরে গেছে।আর বোলিংয়ে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। গত ম্যাচে জহুরুল যেভাবে মাহেলা জয়াবর্ধনেকে আউট করলেন তাতে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ বোলিংয়েও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারছে। মাশরাফির বোলিংও অসাধারণ। আগে যেমন দেখা যেত বোলাররা কয়েকটা বলে মার খেলে পরের বলগুলোতে খেই হারিয়ে ফেলতেন। সে জায়গাটায় বাংলাদেশের বোলারদের উন্নতি হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের যেসব বোলাররা আছেন তাঁরা যদি লাইন, লেংথ ঠিক রেখে মাথা খাটিয়ে তাঁদের বল করে তাহলে সাফল্য আসবেই।সত্যি কথা বলতে বাংলাদেশ দল এখন বয়ঃপ্রাপ্ত হয়েছে। আমার ওই তরুণ বন্ধুর মতো বলতে চাই, ক্রিকেটে আগামী দশকটা বাংলাদেশেরই।অনুলিখন : মনজুর কাদের