ক্রিকেটে পেরেছি, চলচ্চিত্রেও পারব
বাঙালির সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে উপজীব্য করে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থের প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা করতে হবে বিষয় নির্বাচনে ও পরস্ফুিটনে। ভালো চলচ্চিত্র নির্মিত হলে বিদেশেও চাহিদা তৈরি হবে।আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যসচিব হেদায়েতউল্লা¬হ আল মামুন স্বাগত বক্তব্য দেন।চলচ্চিত্রনির্মাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, জীবনের সত্য ও সুন্দর রূপ এবং বাংলার শাশ্বত কাহিনি চলচ্চিত্রে প্রকাশ করুন। তবেই আমরা সফল হব।’পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আমরা ক্রিকেটে পেরেছি, নারীর ক্ষমতায়নে পেরেছি, দারিদ্র্য বিমোচনে পেরেছি, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাসে পেরেছি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আমাদের সামর্থ্য প্রমাণ করতে পেরেছি। সমুদ্র জয় করেছি। প্রতিবন্ধী ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। আমরা চলচ্চিত্রেও পারব।’এ বছর থেকে ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত একরকম হয়েই গেছে। তিনি বলেন, ‘শিল্পীদের জন্য কল্যাণ ফান্ড করে রেখে যেতে চাই।’ বিত্তশালী ব্যক্তিদের এ ফান্ডে সাহায্যের আহ্বান জানান তিনি।২০১০ সালের সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চিত্রনায়ক শাকিব খান। আর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পূর্ণিমা। এ দুজনসহ ২৫ জন শিল্পী ও কলাকুশলী বিভিন্ন বিষয়ে পুরস্কার পান। চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেতা আনোয়ার হোসেনকে দেওয়া হয় আজীবন সম্মাননা।