শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরি দেখেই ফেলল ওয়ানডে ক্রিকেট। শচীন টেন্ডুলকারের কল্যাণে এই কৃতিত্বের পর ক্রিকইনফো পেছন ফিরে তাকিয়েছে ক্রিকেটের অন্যান্য প্রথম মাইলফলকের দিকেও
ক্রিকেটে প্রথম
টেস্ট ইনিংসে ১০ উইকেট১৮৯৬ সালে খুব কাছাকাছি গিয়েছিলেন জর্জ লোহম্যান। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে প্রথম উইকেটটি নিয়েছিলেন স্যামি উডস, ২৮ রান খরচায় বাকি সব কটি লোহম্যান। পরবর্তী ৬০ বছর ইংলিশ পেসারের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারেননি কেউ। যদিও ১৯১৩ সালে ইংল্যান্ডেরই সিডনি বার্নস ও ১৯২১ সালে অস্ট্রেলিয়ার আর্থার মেইলি ৯ উইকেট পেয়েছিলেন; কিন্তু দুজনই রান দিয়েছিলেন এক শর বেশি। শেষ পর্যন্ত ১৯৫৬ সালে প্রথম ‘পারফেক্ট টেন’ দেখে টেস্ট ক্রিকেট। ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ইংলিশ স্পিনার জিম লেকার ৩৭ রানে নিয়েছিলেন ৯ উইকেট। সতীর্থ স্পিনার টনি লক এক উইকেট নেওয়ায় অল্পের জন্য হাতছাড়া হয়ে যায় ১০ উইকেটের ১০টি নেওয়ার রেকর্ড। তবে দ্বিতীয় ইনিংসে আর কাউকে ভাগ বসাতে দেননি। ইনিংসে ৫৩ রানে ১০ আর ম্যাচে ৯০ রানে ১৯ উইকেট, দুটি রেকর্ডই এখনো অক্ষত।প্রথম টেস্ট হ্যাটট্রিকনিখাদ ব্যাটিং উইকেট! মেলবোর্নে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক লর্ড হ্যারিস বেছেও নিয়েছিলেন ব্যাটিং। এর পরই বিপত্তি, হঠাত্ করেই বৃষ্টি। উইকেট ঢেকে রাখার ব্যাপারস্যাপার তখন ছিল না। বৃষ্টি থামার পর উইকেট দেখে ফ্রেডেরিক স্পফোর্থের বিশাল গোঁফের আড়ালে খেলে গেল মুচকি হাসি। ডাকনাম ‘দৈত্য’, মনে করা হতো অস্ট্রেলিয়ার প্রথম সত্যিকারের ফাস্ট বোলার। প্রথম চার উইকেটের দুটি নিয়েছিলেন, এরপর ৪ উইকেটে ২৪ থেকে তিন বলেই ইংল্যান্ডের স্কোর বানিয়ে দিলেন ৭ উইকেটে ২৬! প্রথম হ্যাটট্রিক যেদিন হলো, টেস্ট ক্রিকেটের বয়স তখন দুই বছর হতেও দুই মাস বাকি।টেস্টে ট্রিপল সেঞ্চুরিবেচারা জন্মেছিলেন বড্ড ভুল সময়ে। সারের হয়ে রানের বন্যা বইয়ে দিলেও অ্যান্ডি স্যান্ডহ্যামের টেস্ট অভিষেক হতে লেগে যায় ৩১ বছর। কারণ একটাই, সর্বকালের অন্যতম সেরা দুই ওপেনার হার্বার্ট সাটক্লিফ ও জ্যাক হবস তখন ছিলেন ইংল্যান্ড দলে। স্যান্ডহ্যামের সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল ১৯৩০ সালে জ্যামাইকার স্যাবাইনা পার্কে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্ট সিরিজের শেষটিতে প্রথম ইনিংসে ৬৪০ বল খেলে করলেন ৩২৫, ১৯৩ নম্বর ম্যাচে এসে টেস্ট ক্রিকেট দেখল প্রথম ট্রিপল সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও করেছিলেন ৫০। সবচেয়ে অবাক করা তথ্য, এটিই ছিল তাঁর শেষ টেস্ট! ‘এখনো কেন যাচ্ছেন না’ শোনার চেয়ে ‘এখনই কেন’ শোনা অনেক ভালো, এটা তো ছিলই। আনেকটা কারণ, বয়স হয়ে গেছে তত দিনে ৪০। এক দিনে ৩০০যাঁর করার কথা করেছেন তিনিই। আগের টেস্টেই লর্ডসে করেছিলেন ২৫৪, হেডিংলিতে পরের টেস্টেই আবার ইংলিশ বোলারদের তুলোধুনো করলেন স্যার ডন ব্রাডম্যান। ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন লাঞ্চের আগেই সেঞ্চুরি, সেঞ্চুরি করলেন টানা চতুর্থ টেস্টে, চা-বিরতির আগে করলেন আরও ১১৫, দিনশেষে ৩০৯! স্যান্ডহ্যামের মাত্র মাস তিনেক পরই আরেকটি ট্রিপল সেঞ্চরি। নিজ দলের বোলিং নিয়ে ইংল্যান্ড অধিনায়ক স্যার পেলহাম ওয়ার্নারের মন্তব্য ছিল, ‘যেন জিব্রাল্টারে ছুড়ে দেওয়া হচ্ছে পাথর!’ আর পরদিন ৩৩৪ করে স্যার ডন আউট হওয়ার পর ডেইলি স্টার-এর শিরোনাম ছিল “হি’জ আউট!”লাঞ্চের আগে সেঞ্চুরিতাঁকে বলা হতো ক্রিকেটের নির্মল আনন্দের রাজপুত্র। বল জিনিসটা যে শুধু পেটানোরই জিনিস, শেবাগ-জয়সুরিয়াদের ১০০ বছর আগেই তা ভাবতেন ভিক্টর ট্রাম্পার। ইংল্যান্ডের বিপক্ষে ১৯০২ সালের ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনে ট্রাম্পার যখন লাঞ্চ সারছেন, নামের পাশে জমা করে ফেলেছেন ১০৪ রান! লাঞ্চের সময় অস্ট্রেলিয়া ১ উইকেটে ১৭৩!ওভারে ছয় ছক্কাএমনিতে তিনি বাঁহাতি পেসার। কিন্তু ১৯৬৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের বিপক্ষে সেদিন গ্লামোরগনের ম্যালকম ন্যাশ করছিলেন বাঁহাতি স্পিন। প্রথম চার বলের প্রতিটিতেই লেগ সাইডে ছক্কা মারার পর গ্যারি সোবার্সের মনে হয়েছিল ছয় ছক্কা বোধহয় সম্ভব। পঞ্চম বলেই অবশ্য লং অফে ধরা পড়েছিলেন, কিন্তু দীর্ঘ আলোচনার পর দুই আম্পায়ার এই সিদ্ধান্তে পৌঁছান যে ফিল্ডার রজার ডেভিস সীমানা দড়ি ছুঁয়ে ফেলেছিলেন। শেষটি নিয়ে কোনো সন্দেহ ছিল না, বল চলে গিয়েছিল মাঠের বাইরে।প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরিঅনেকে বলেন ‘ক্রিকেটের অমর বুড়ো’, অনেকে ‘ক্রিকেটের জনক’ কেউ বা শুধুই ‘দ্য ডক্টর।’ শুধুই অবসর বিনোদন থেকে ক্রিকেটকে যিনি আন্তর্জাতিক খেলায় রূপ দিয়েছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরিও প্রথম করেন সেই ডব্লু জি গ্রেস। ১৮৯৫ সালে সমারসেটের বিপক্ষে ২৮৮ রান করে যখন পূর্ণ করলেন শততম সেঞ্চুরি, গ্রেসের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের বয়স তখন ৩০, আর নিজের বয়স ৪৭ বছর। পরিসংখ্যানবিদেরা অবশ্য তাঁর শুরুর দুটি ম্যাচের প্রথম শ্রেণীর মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেন। তাই সেঞ্চুরির সেঞ্চুরি করার স্বীকৃতি পাওয়াটা পিছিয়ে যায়, পান সপ্তাহ দুয়েক পরে লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে সেঞ্চুরির পর।৩০০ টেস্ট উইকেটফেড্রি ট্রুম্যানের ১৩ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ড যে ১১৮টি টেস্ট খেলেছে, তার মাত্র ৬৭টিতেই তিনি খেলতে পেরেছেন। কারণটা ছিল নাছোড়বান্দা ইনজুরি। তবে তাঁর গ্রেটনেসের প্রমাণ, এই ৬৭ টেস্টেই ৩০৭ উইকেট। রেকর্ড গড়ার পর যা বলেছিলেন, বিখ্যাত হয়ে আছে সেই উক্তিটাও, ‘রেকর্ডটা যে ভাঙবে, নিশ্চিতভাবেই সে হবে ভীষণ ক্লান্ত!’ ট্রুম্যান তখন কি আর জানতেন, একসময় একেকটা দলই বছরে ১৩-১৪টা টেস্ট খেলবে, মুরালি-ওয়ার্নরা উইকেট পাবেন তাঁর দ্বিগুণেরও বেশি!১০০ মাইল গতির ডেলিভারিদুজনই নিয়মিত বল করছিলেন ১৫০ কিলোমিটারের বেশি গতিতে, জমে উঠেছিল শোয়েব আখতার ও ব্রেট লির মাঠের বাইরে কথার লড়াইও। শেষ পর্যন্ত জয়ী হন শোয়েব, ২০০২ সালে শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়েছিলেন। স্পিডগানে তাঁর একটি বলের গতি ওঠে ১৬১ কিলোমিটার (১০০.৪ মাইল), ভেঙে যায় ১৯৭৫-৭৬ মৌসুমে অস্ট্রেলিয়ার জেফ টমসনের ৯৯.৮ মাইলের রেকর্ড।১০০ টেস্ট১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টন টেস্টে মাঠে নেমেই ইতিহাসে ঢুকে যান সে সময়ের ইংলিশ অধিনায়ক কলিন কাউড্রে, পূর্ণ করেন শততম টেস্ট। আরেক দফা ইতিহাস গড়েন সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি করে। ক্রিকেটে সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি করেছেন আর মাত্রই ছয়জন। অধিনায়ক হিসেবে দুজন—ইনজামাম-ইল-হক ও রিকি পন্টিং। পন্টিং আবার দুই ইনিংসেই!১০ হাজার রানপাকিস্তানি স্পিনার ইজাজ ফাকিহকে গ্লাইড করে থার্ডম্যানে একটি রান, সুনীল গাভাস্কার পেয়ে গেলেন স্বপ্নের সীমানার নাগাল। পূর্ণ করে ফেলেন ১০ হাজার টেস্ট রান। এরপর এই মাইলফলকে পৌঁছেছেন আরও সাতজন ক্রিকেটার। ২১ বছর পর মোহালিতে ঠিক একইভাবে পিটার সিডলকে গ্লাইড করে গাভাস্কারের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভেঙে দেন তাঁরই এক ভক্ত, শচীন টেন্ডুলকার!ওয়ানডেতে দলীয় ৪০০কেনিয়ার বিপক্ষে ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কা ৩৯৮ করার পর থেকেই আলোচনা চলছিল ৪০০ হবে কবে। শেষ পর্যন্ত যেদিন হলো, সেদিন কিনা এক দিনেই দুবার। ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী ম্যাচে বোলারদের অসহায় চোখের সামনে বয়ে গেল চার-ছয়ের বন্যা। ২০০৩ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি ফিরিয়ে এনে ১০৫ বলে ১৬৪ রান করলেন রিকি পন্টিং, অস্ট্রেলিয়া ৪৩৪। ১১১ বলে ১৭৫ রানের খুনে ইনিংসে জবাব দিলেন হার্শেল গিবস, দক্ষিণ আফ্রিকা জিতল ১ বল বাকি থাকতে, ১ উইকেট হাতে রেখে।টেস্টে ব্যক্তিগত ৪০০রেকর্ডটা মাত্র মাস ছয়েক ধরে রাখতে পেরেছিলেন ম্যাথু হেইডেন। যার রেকর্ড ভেঙে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৩ সালের অক্টোবরে ৩৮০ রান করেছিলেন, সেই ব্রায়ান লারা রেকর্ডটি আবার নিজের করে নিলেন এপ্রিলেই। গ্যারি সোবার্সের ৩৬৫ রানের রেকর্ড ভাঙার (৩৭৫) ১০ বছর পর ৪০০ রানের চূড়া ছুঁলেন ‘রেকর্ডের বরপুত্র’ লারা। সেই একই ভেন্যু অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড, একই প্রতিপক্ষ ইংল্যান্ড, একই মাস এপ্রিল, সময়টা শুধু ১৯৯৪ আর ২০০৪। আরিফুল ইসলাম